…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কারাগারে থেকেও মিছিলে অংশ নেওয়ার অভিযোগ, আদালতের স্বপ্রণোদিত মামলা

নিজস্ব প্রতিবেদক
কারাগারে থেকেও মিছিলে অংশ নেওয়ার অভিযোগ, আদালতের স্বপ্রণোদিত মামলা
ছবি: সংগৃহীত

কারাগারে অবস্থানরত এক ব্যক্তিকে যুবলীগ-ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নতুন আরেকটি মামলায় আসামি করার ঘটনায় রাজশাহীর আদালত একটি স্বপ্রণোদিত মিস মামলা করেছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের রাজশাহীর পুলিশ সুপারকে।

তাঁকে ২৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল সোমবার তিনি আদালতের নথিপত্র পেয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে ১ নভেম্বর রাজশাহীর আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সোহাগ নতুন নম্বরে একটি পৃথক ও স্বতন্ত্র মিস মামলা খোলার জন্য নির্দেশ দেন। আদেশে আদালত ঘটনাটি নিয়ে গত ১৮ অক্টোবর আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদেরও উদ্ধৃতি দেন।

সেদিন আসামি হাফিজুর রহমানের জামিনেরও আবেদন ছিল। শুনানির পর আদালত ১০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।

হাফিজুর রহমান রাজশাহীর তানোর উপজেলার চন্দনকৌঠা গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, স্থানীয় এক যুবদল কর্মীকে চাঁদা না দেওয়ায় তিনি পুলিশকে দিয়ে তাঁকে হয়রানি করছেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর তানোর থানার ওসি মাহমুদুল হাসান বাড়ি থেকে ধরে এনে ২৬ জুন করা একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখান। অথচ তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না।

এ মামলায় ২১ দিন কারাভোগের পর ১৫ অক্টোবর জামিনে মুক্তি পান তিনি। সেদিন কারাগার থেকে বেরিয়েছিলেন রাত ৯টা ৪৭ মিনিটে। একই দিন তানোর থানায় আরেকটি মামলায় আসামি করা হয় তাঁকে।

এজাহারে বলা হয়, রাত ৮টা ১০ মিনিটে তানোরে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল হয় এবং সেই মিছিলে হাফিজুরও অংশ নেন। অথচ ওই সময় তিনি কারাগারে ছিলেন।

আদেশে আদালত বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও হাফিজুর রহমানকে ক্ষতিগ্রস্ত করার মানসে তাঁর নাম ওই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে স্বতন্ত্রভাবে তদন্ত করা আবশ্যক।

আদালত আরও বলেন, ক্ষতি করার উদ্দেশ্যে আইনানুগ কারণ ছাড়া কারও বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা রুজু করলে তা দণ্ডবিধির ২১১ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ। কারও ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কোনো অশুদ্ধ দলিল প্রস্তুত করলে তা দণ্ডবিধির ১৬৭ ধারার অধীন এবং আইন অমান্য করলে তা ১৬৬ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ।

আদেশে বলা হয়েছে, এই আদালত ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৯০(১)(সি) ধারার বিধানমতে ওই সব অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। তাই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাসহ সুনির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক বিচারের আওতায় আনার লক্ষ্যে এই মিস মামলা করা হলো।

তানোর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় হাফিজুরসহ ২২ জনকে আসামি করেছিলেন। ঘটনার সময় হাফিজুর কারাগারে থাকলেও তাঁকে আসামি করার ব্যাপারে জানতে চাইলে গতকাল সোমবার তিনি বলেন, তিনি ডিউটিতে ছিলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করতে হয়েছে। আদালতের স্বপ্রণোদিত মামলার বিষয়ে তিনি জানেন না বলে জানান।

রাজশাহী সিআইডির এসপি রায়হানুল ইসলাম বলেন, আদালতের স্বপ্রণোদিত মামলাটির তদন্তের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবারই তিনি আদেশের কপি পেয়েছেন। আর দুদিন আগে এখানে যোগ দিয়েছেন তিনি। একটু গুছিয়ে উঠে তদন্তকাজ শুরু করবেন বলে জানান তিনি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…