রেলের কেনাকাটায় দুর্নীতিসহ চার অভিযোগে দুদকের একযোগে অভিযান

সরকারি বিভিন্ন সেবা খাতে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগে পৃথক চারটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী বা কমলাপুর লোকো শেডের কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযানগুলো চালানো হয়। জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী/লোকো/কমলাপুর, ঢাকা-এর অধীন ঢাকা লোকো শেডের স্টোরে বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক দুর্নীতির খবর পাওয়া গেছে।
ভুয়া ও নিম্নমানের সরঞ্জাম কেনাকাটার মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগে বাংলাদেশ রেলওয়ে প্রধান কার্যালয়ের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নিম্নমানের ইট বিছানোর অভিযোগ উঠেছে। মাত্র তিন মাসের মাথায় সেই ইট তুলে ফেলা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকল্প গ্রহণে মারাত্মক অদূরদর্শিতা এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এই অভিযান পরিচালনা করে।
অন্যদিকে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাগ্রহীতাদের চরম হয়রানি ও অনিয়মের শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের যোগসাজশে নির্ধারিত সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ তদন্তে দুদক জেলা কার্যালয়, বাগেরহাট ওই অফিসে এনফোর্সমেন্ট অভিযান চালায়।
এছাড়া নাটোরের লালপুর উপজেলাধীন লালপুর-ভায়া বিলমাড়িয়া-দুড়দুড়িয়া গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কাজে নির্ধারিত প্রাক্কলন ও শিডিউল না মানার অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে — এমন সুনির্দিষ্ট অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর পক্ষ থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
দুদক জানায়, অভিযানের বিস্তারিত প্রতিবেদন ও সংগৃহীত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।


