খুলনায় কৃষকদলের সভায় ককটেল নিক্ষেপ, বিস্ফোরিত না হওয়ায় বড় দুর্ঘটনা এড়াল
খুলনার দৌলতপুরে কৃষকদলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরোয়া আলোচনা সভা চলাকালে সভাস্থল লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরে সেভ অ্যান্ড সেভের সামনে (বর্তমানে মনা নামের প্রতিষ্ঠানের সামনে) একটি টিনশেড কক্ষে এ ঘটনা ঘটে। ওই টিনশেড কক্ষেই ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া সভা চলছিল।
খুলনা মহানগর কৃষকদলের আহ্বায়ক সজিব তালুকদার জানান, সোমবার রাতে ওই টিনশেড কক্ষে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া সভা চলছিল। এ সময় দুর্বৃত্তরা সভা লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।
সজিব তালুকদার জানান, ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। সভায় উপস্থিত নেতাকর্মীরা এ ঘটনার পর নিরাপদে ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর কৃষকদলের নেতাকর্মীরা। সভায় ককটেল নিক্ষেপের ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ একটি বোমা উদ্ধার করা হয়েছে। কৃষকদলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরোয়া সভা চলাকালে সভাস্থলের সামনে এ ঘটনা ঘটে।
ওসি জানান, উদ্ধার করা বস্তুটি বিস্ফোরিত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে নিয়ে গেছে।


