মেহেরপুরে সড়কে দড়ি টাঙিয়ে মোটরসাইকেল ছিনতাই, কাছেই মিলল বোমাসদৃশ বস্তু
মেহেরপুরের গাংনীতে সড়কের ওপর দড়ি টাঙিয়ে পথরোধ করে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ঘটনাস্থলের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরিফুল ইসলাম গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের বাসিন্দা আমজাদ আলী কারিগরের ছেলে।
আরিফুল ইসলাম জানান, সোমবার রাতে নিজ গ্রাম সাহারবাটী থেকে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি তেঁতুলবাড়ীয়া গ্রামে যাচ্ছিলেন তিনি।
পথে নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মাঠের মধ্যে একটি লেবু বাগানের আড়াল থেকে তিন-চারজন ব্যক্তি বেরিয়ে আসে।
তারা সড়কের ওপর দড়ি টাঙিয়ে তাঁর পথরোধ করে। প্রাণভয়ে তিনি মোটরসাইকেলটি রেখে সেখান থেকে পালিয়ে যান। পরে ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর আরিফুল ইসলাম স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।
পরিদর্শনের সময় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।
