কিশোর অপরাধ দমনে কুষ্টিয়ায় অভিযান, হেফাজতে ২৪ জন
কিশোর অপরাধ ও গ্যাং দমনে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, সন্দেহজনক চলাফেরা ও সন্ধ্যার পর অনিয়মতান্ত্রিক আড্ডায় জড়ানোর অভিযোগে কিশোর-তরুণসহ বিভিন্ন বয়সী ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চলছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, সন্ধ্যার পর শহরের বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জন কিশোর-তরুণকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসা করার জন্য আনা হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোর অপরাধ ও গ্যাং নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
প্রসঙ্গত, সোমবার দুপুরে নিজ বাড়ির গেটের সামনে মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানাকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখম করে এক কিশোর।
ঘটনার সিসিটিভির ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এতে আতঙ্কিত অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বেড়েছে।

