সাভার-ধামরাইয়ে পার্কিংয়ে থাকা আরও দুই বাসে আগুন, নাশকতার সন্দেহ
সাভার ও ধামরাইয়ে পৃথক স্থানে পার্কিং করে রাখা আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ৮টার দিকে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করা একটি বাসে ও রাত ২টা ৮ মিনিটে সাভার ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসে অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
এরপর রাত ২টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ময়লার মোড় এলাকায় রাতে একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেখানে একসঙ্গে প্রায় ১৫ থেকে ২০টি বাস পার্কিং করা ছিল।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতাকারীরা বাসটিতে আগুন দিয়েছে।
একই রাতে দুটি স্থানে পার্কিংয়ে থাকা বাসে আগুনের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। দুটি ঘটনাতেই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কোনো প্রাণহানি না ঘটলেও ধামরাইয়ের বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি।
