নড়াইলে ভবনের ছাদে হাত বাঁধা অটোভ্যান চালকের মরদেহ

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজ হওয়ার পরদিন সকালে একটি ভবনের ছাদ থেকে অটোভ্যান চালক আজিবার শেখের (৪০) হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ সংলগ্ন একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে রোজগারে বের হন আজিবার। সাধারণত সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরলেও সেদিন তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠিত হয়ে পড়েন এবং আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে সোমবার দিনগত রাত দেড়টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকায় আজিবারের চালিত অটোভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদে হাত বাঁধা অবস্থায় একজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে মরদেহটি আজিবার শেখের বলে শনাক্ত করা হয়।
পরে স্থানীয়রা লোহাগড়া থানায় বিষয়টি অবহিত করলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
তবে কীভাবে তিনি ওই ভবনের ছাদে পৌঁছালেন কিংবা হাত বেঁধে তাকে হত্যা করা হয়েছে কিনা, তা নিয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ ও নেপথ্যের ঘটনা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

