লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিপু (৪০) ও মো. ফারুক (৪৮)। দিপু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি। ফারুক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে লালবাগ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী।

