মানিকগঞ্জে বাসে আগুন, এক রাতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ; ধানমন্ডি ৩২-এও ককটেল উদ্ধার

মানিকগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ এবং টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে মিনিবাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে, বিএনপি কার্যালয়ের সামনে, পুলিশ সুপারের বাসভবনের কাছে, পাটুরিয়া পুলিশ ফাঁড়িতে, ঘিওর বাসস্ট্যান্ডে, ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়ায়, ধলেশ্বরী সেতুতে, জাগীর সবজির আড়তে ও নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডে।
সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গীসহ ছয় এলাকায় অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানেও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ছয়জনকে, জেলা গোয়েন্দা পুলিশ দুজনকে এবং সিংগাইর ও দৌলতপুর থানা-পুলিশ একজন করে আটক করেছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, 'বাংলাদেশ মুক্তির ডাক ৭১। জয় বাংলা'।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ককটেল উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


