…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ উদ্দিন
ছবি: সংগৃহীত

সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরেছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরিচ্যুতির দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে চাকরি ফিরে পেয়েছেন তিনি। জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দিয়ে তাঁকে পুনর্বহালের আদেশ বহাল রয়েছে।

চলতি বছর ১ নভেম্বর তাঁর আনুষ্ঠানিকভাবে দুদকে যোগ দেওয়ার কথা জানানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকার সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দিলেন।

চাকরিতে ফেরার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই কর্মকর্তা। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় এসেছিলেন তিনি।

দুদক থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৪ সালের ১২ অক্টোবর দুদকে যোগদান করেন শরীফ উদ্দিন। ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাঁকে চট্টগ্রামে পদায়ন করা হয়। সেখানে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান চালান। তাঁর অনুসন্ধানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উঠে আসে। চাকরির মেয়াদে প্রায় অর্ধশত মামলা এবং ২০টির বেশি অভিযোগপত্র দাখিল করেন তিনি।

কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার দুর্নীতির অনুসন্ধান ছিল তাঁর আলোচিত কাজগুলোর একটি। এ অনুসন্ধানে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ সামনে আসে। রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির চক্রের বিরুদ্ধেও অনুসন্ধান করেন তিনি। কক্সবাজারের ইয়াবা চোরাচালান এবং তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধেও মামলা করেন।

এ ছাড়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ, পদোন্নতি ও গ্যাস সংযোগে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করেন শরীফ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগে তৈরি করেন ১৮২ পৃষ্ঠার অনুসন্ধান প্রতিবেদন। এসব অনুসন্ধানের কারণে দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি।

২০২১ সালের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪ (২) বিধি প্রয়োগ করে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়। এ ঘটনায় দুদকের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। তাঁর অপসারণের প্রতিবাদে দুদকের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনও করেন।

চাকরিচ্যুতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক। পরে সংস্থাটি সেই লিভ টু আপিল আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি খারিজ করেন। ফলে হাইকোর্টের দেওয়া পুনর্বহালের রায় বহাল থাকে এবং শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার আইনি বাধা দূর হয়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩
আইন ও অপরাধ

ফরিদপুরে মহাসড়কে মিছিলের দাবি ছাত্রলীগের, অস্বীকার পুলিশের; ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করার দাবি করেছে জেলা ছাত্রলীগ। তবে মহাসড়কে মিছিলের…

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯
আইন ও অপরাধ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৪৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর থেকে…

আইন ও অপরাধ

উত্ত্যক্তের প্রতিবাদে ছুরিকাঘাত: কুষ্টিয়ায় স্কুলছাত্রী জাকিয়ার হামলাকারী ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) …