…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ফতুল্লায় মাদ্রাসায় আগুনে অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা, দুটি মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক
ফতুল্লায় মাদ্রাসায় আগুনে অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা, দুটি মেডিকেল বোর্ড গঠন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এসব শিক্ষার্থীর চিকিৎসায় ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে এসে প্রতিমন্ত্রী বলেন, যারা চিকিৎসাধীন আছে তাদের পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড ইতোমধ্যেই গঠন করা হয়েছে। তাদের যত রকমের পরীক্ষা-নিরীক্ষা লাগছে, সেগুলো ফ্রি করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলেও জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় আগুন লাগে। এতে ওই ফ্লোরে থাকা লাইব্রেরি পুড়ে গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মাদ্রাসার শিক্ষকদের ধারণা, মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অসুস্থ ৭৯ জনকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়, যাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলেছেন, শিক্ষার্থীদের কারো শরীরে দগ্ধ নেই, তবে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, এ অগ্নিকাণ্ডের ফলে শিক্ষার্থীদের শ্বাসনালিতে বড় ধরনের সমস্যা হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাদের শ্বাসনালিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, মাদ্রাসাটি বহুতল একটা ভবন, দোতলায় একটা লাইব্রেরি ছিল এবং প্রশাসনিক অংশটা ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূচনা। তিন-চারতলায় মাদ্রাসার ছাত্ররা ছিল। উপরের দিকে ধোঁয়া ব্যাপক আকারে যাওয়ায় তাদের শ্বাসনালি ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা শুরু থেকেই অত্যন্ত যত্ন সহকারে তাদের চিকিৎসা দিয়েছেন। আমাদের চিকিৎসকরা দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা রোগীকে নিবিড় পরিচর্যায় যথাযথভাবে চিকিৎসা দিচ্ছেন। অনেকেই মোটামুটি রিকভার করছে। আমরা আশা করি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে আমরা ছুটি দিয়ে দিতে পারব। বাকি যারা আছে তারা এখন পর্যন্ত ভালো আছে।

আইসিইউতে থাকা ৪ শিক্ষার্থীর বিষয়ে এম এ মুহিত বলেন, তাদের আইসিইউতে যথাযথভাবে দেখা হচ্ছে, ইনশাআল্লাহ তারাও রিকভার করবে।

এ ধরনের অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে মন্তব্য করে তিনি এ বিষয়ে সবার সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত সেবা ঢাকার বাইরেও বিকেন্দ্রীকরণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা শুধু মাদ্রাসায় নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলেও ঘটতে পারে। ভবন যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়, অনেক সময় তা অন্য কাজে ব্যবহার করা হয়। এর আগে হোটেল ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অথচ সেসব ভবন হোটেল বা রেস্তোরাঁ হিসেবে ব্যবহারের উপযোগী করে নির্মাণ করা হয়নি।

তিনি বলেন, আবাসিক ভবনকে অনেক সময় বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। একইভাবে কোনো আবাসিক ভবনকে মাদ্রাসায় রূপান্তর করা হতে পারে। এ ক্ষেত্রে ভবন নির্মাণ ও ব্যবহারের বিধিবিধান যথাযথভাবে প্রয়োগ করা জরুরি। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ভবন নির্মাণ, ব্যবহার ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন আনতে হবে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, একজন লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।…

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪
স্বাস্থ্য

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও…

স্বাস্থ্য

শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল করছে সরকার

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গ…

এক দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫
স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয…