কিশোরী ভক্তদের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে, অস্বীকার তার

ব্রিটেনের খ্যাতনামা কৌতুক অভিনেতা ও লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে তারকাখ্যাতি কাজে লাগিয়ে কিশোরী ও তরুণীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। দ্য গার্ডিয়ান ও আইটিভি নিউজের এক যৌথ অনুসন্ধানে একাধিক নারী এই অভিযোগ করেছেন। ওয়ালিয়ামস সব অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগকারীদের একজন, ছদ্মনাম অ্যালেক্স, বলেন, ২০০৪ সালের জানুয়ারিতে তাঁর বয়স ছিল ১৫ বছর। স্কুল থেকে ফিরে বাড়িতে বসে টেলিভিশন দেখার সময় ফোন বাজে। ফোনের ওপার থেকে বলা হয়, 'হাই, আমি ডেভিড ওয়ালিয়ামস। টেলিভিশনের সেই ডেভিড!' তখন ওয়ালিয়ামসের বয়স ছিল ৩২ বছর, আর তিনি তখন তাঁর কৌতুক অনুষ্ঠান 'লিটল ব্রিটেন' দিয়ে উঠতি তারকা।
এর কয়েক দিন আগে অ্যালেক্স এক ভক্ত অনুষ্ঠানে গিয়েছিলেন, যেখানে ওয়ালিয়ামস তাঁর চরিত্র লু সেজে অটোগ্রাফ দিচ্ছিলেন। কৌতুক লেখক হওয়ার স্বপ্ন দেখা অ্যালেক্স তাঁকে নিজের লেখা চিত্রনাট্যের কয়েকটি কপি দিয়েছিলেন, তাতে যোগাযোগের ঠিকানাও ছিল। তবে তিনি আশা করেননি যে ওয়ালিয়ামস যোগাযোগ করবেন।
ফোন পেয়ে এতটাই উচ্ছ্বসিত হয়েছিলেন অ্যালেক্স যে, ফোন রেখেই চার পাতা কাগজে কথোপকথনের বিবরণ লিখে ফেলেন। তিনি লেখেন, 'ডেভিড ওয়ালিয়ামস আমাকে ফোন করেছেন!' ওয়ালিয়ামস তাঁর চিত্রনাট্য খুব মজার বলে প্রশংসা করেছিলেন। অ্যালেক্স যখন জানান তিনি এখনো স্কুলে পড়েন, ওয়ালিয়ামস অবাক হয়ে জিজ্ঞেস করেন, 'তাহলে তোমার বয়স কত, ১৫, ১৬?'
পরের দুই বছরে তাঁদের মধ্যে কয়েকবার ফোনে কথা হয় এবং বহু ইমেইল আদান-প্রদান হয়। অ্যালেক্স বলেন, 'লিটল ব্রিটেন'-এর সরাসরি অনুষ্ঠান দেখার টিকিট পাইয়ে দেওয়ার কথাও বলেছিলেন ওয়ালিয়ামস। ১৭ বছর বয়সে পৌঁছানোর সময় তাঁদের মধ্যে যৌন সম্পর্ক শুরু হয় বলে জানান অ্যালেক্স।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জেড নামে আরেক নারীও অভিযোগ করেছেন যে, ১৫ বছর বয়সে তাঁর সঙ্গে ওয়ালিয়ামসের পরিচয় হয় এবং কয়েক সপ্তাহ পর তাঁকে নিজের বাড়িতে ডেকে যৌন সম্পর্ক শুরু করেন তিনি। অভিযোগকারীদের বেশির ভাগই বলেছেন, ওয়ালিয়ামসের সঙ্গে তাঁদের সম্পর্কের সময় তাঁদের বয়স ১৮-এর বেশি ছিল। তবে কয়েকজন জানিয়েছেন, কিশোরী বয়সে পরিচয়ের পর তাঁরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অভিযোগ শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রেও নারীদের প্রতি তাঁর অনুপযুক্ত আচরণের অভিযোগ উঠেছে। কয়েকটি সূত্র জানিয়েছে, জনপ্রিয় অনুষ্ঠান 'ব্রিটেনস গট ট্যালেন্ট' এবং তাঁর প্রকাশনা সংস্থা হার্পারকলিন্সে নারীদের প্রতি তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল।
গত সেপ্টেম্বরে হার্পারকলিন্স ঘোষণা দেয়, তারা আর ওয়ালিয়ামসের আগের বইগুলো প্রকাশ করবে না। এর আগের বছরই সংস্থাটি তাদের সর্বাধিক বিক্রিত এই লেখককে বাদ দিয়েছিল। গার্ডিয়ান ও আইটিভি নিউজ জানিয়েছে, কয়েক বছর ধরে তাঁর আচরণ নিয়ে উদ্বেগের কারণেই প্রকাশনা সংস্থা সম্পর্ক ছিন্ন করে। এর মধ্যে এক জুনিয়র নারী কর্মীর সঙ্গে অনুপযুক্ত যৌন সম্পর্কের অভিযোগও ছিল।
চলতি বছরের শুরুতে ওয়ালিয়ামসের আইনজীবীরা এসব অভিযোগ প্রকাশ বন্ধ করতে হাইকোর্টে মামলা করেছিলেন। আদালত সেই মামলা খারিজ করে দেওয়ায় এখন নারীদের অভিযোগ প্রকাশ করা সম্ভব হয়েছে।
অনুসন্ধানকারী সাংবাদিকদের লেখা এক চিঠিতে ওয়ালিয়ামস বলেন, 'পেছনে তাকিয়ে বুঝতে পারছি, মাঝে মাঝে আমি অন্যদের প্রতি চিন্তাহীন আচরণ করেছি, যাদের সঙ্গে আমার নৈমিত্তিক যৌন সম্পর্ক ছিল। আমি সবসময় মানুষের অনুভূতি যথাযথভাবে বিবেচনা করিনি। এজন্য আমি অনুতপ্ত।' তবে তিনি জোর দিয়ে বলেন, 'আমি যৌন শিকারি নই। আমি আইন ভাঙিনি, তবে ১০ থেকে ২০ বছর আগে যাদের সঙ্গে পরিচয় হয়েছিল, তাঁদের কেউ কেউ এখন কষ্ট বা ক্ষোভ প্রকাশ করায় আমি মর্মাহত।'
৫৫ বছর বয়সী ওয়ালিয়ামস ব্রিটেনের সবচেয়ে পরিচিত কৌতুক অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখকদের একজন। তিনি ওবিই উপাধি পেয়েছেন। ম্যাট লুকাসের সঙ্গে তৈরি 'লিটল ব্রিটেন' দিয়ে তাঁর বড় সাফল্য আসে। অনুষ্ঠানটি প্রথমে বিবিসি রেডিও ৪-এ প্রচারিত হয়, পরে টেলিভিশনে আসে। তিনি প্রায় এক দশক 'ব্রিটেনস গট ট্যালেন্ট'-এর বিচারক ছিলেন।
২০০৪ সালের ডিসেম্বরে 'লিটল ব্রিটেন' ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ সম্মান জেতে। সেই অনুষ্ঠানে উপস্থাপক জোনাথন রস ওয়ালিয়ামসকে নিয়ে একটি রসিকতা করেছিলেন, যা এখন নতুন করে আলোচনায় এসেছে। রস তাঁর আইনজীবীদের মাধ্যমে জানিয়েছেন, ওই রসিকতাটি তিনি নিজে লেখেননি। অভিযোগের বিষয়ে হার্পারকলিন্স ও 'ব্রিটেনস গট ট্যালেন্ট'-এর সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



