অক্সফোর্ড জাদুঘর নাগা পূর্বপুরুষদের ৩৯টি মাথার খুলি ভারতে ফেরত দিল

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতের নাগা সম্প্রদায়ের কাছ থেকে নেওয়া ৩৯ জনের দেহাবশেষ ফেরত দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দেহাবশেষগুলোর বেশিরভাগই মাথার খুলি।
সোমবার অক্সফোর্ডের পিট রিভার্স জাদুঘরে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য নাগাল্যান্ড থেকে প্রায় ৩০ জনের একটি প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দিতে অক্সফোর্ডে গিয়েছিল।
দেহাবশেষগুলো ভারতে ফিরিয়ে নেওয়া হবে এবং নাগা উপজাতীয় নেতারা যাকে ‘সম্মানজনক বিশ্রাম’ বলে বর্ণনা করেছেন, সেই মর্যাদায় সেগুলো রাখা হবে। নাগাল্যান্ডের একটি পার্কে যৌথ স্মৃতিসৌধের নিচে সেগুলো সমাহিত করার পরিকল্পনা রয়েছে।
জাদুঘরের পরিচালক লরা ভ্যান ব্রুকহোভেন এই হস্তান্তরকে ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই ঘটনা ‘পরবর্তী প্রজন্মের কাছে বলা গল্পের অংশ হয়ে থাকবে’।
দেহাবশেষগুলো অবশেষে দেশে ফিরছে বলে জানিয়ে তিনি বলেন, এ জন্য ‘সব জায়গায় অনেক আমলাতান্ত্রিক জটিলতা’ পেরোতে হয়েছে।
সোমবার জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে দেহাবশেষগুলো হস্তান্তর করে এবং নাগা নেতাদের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করে।
এই দেহাবশেষগুলো কয়েক দশক ধরে অক্সফোর্ডের জাদুঘরে প্রদর্শিত ছিল। ২০২০ সালে জাদুঘর যাকে ‘উপনিবেশ-মুক্তকরণ প্রক্রিয়া’ বলে বর্ণনা করেছে, তার অংশ হিসেবে সেগুলো জনসাধারণের প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়।
জাদুঘরের ওয়েবসাইট অনুযায়ী, এই বস্তুগুলো ১৯১০ থেকে ১৯৪০ সালের মধ্যে সংগ্রহে যুক্ত হয়। এগুলোর বেশিরভাগ সংগ্রহ করেছিলেন দুজন ঔপনিবেশিক প্রশাসক, যাঁরা নৃতত্ত্ববিদও ছিলেন।
জাদুঘরের ওয়েবসাইটে উল্লেখ আছে, ওই সময়ে সংগৃহীত বস্তুগুলো ‘স্বেচ্ছায় দেওয়ার বদলে প্রায়শই শাস্তিমূলক সামরিক অভিযানের সময় বাজেয়াপ্ত করা হতো’।
পিট রিভার্স জাদুঘরে নাগা সংস্কৃতির সঙ্গে যুক্ত ছয় হাজারের বেশি বস্তু রয়েছে, যা বিশ্বের এই ধরনের সবচেয়ে বড় সংগ্রহ বলে ধারণা করা হয়। এসব বস্তুর বেশিরভাগই ভারত ও মিয়ানমারে (তৎকালীন বার্মা) ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে সংগ্রহ করা হয়েছিল। জাদুঘরের ওয়েবসাইটে ২১৯টি বস্তু মানবদেহাবশেষ হিসেবে তালিকাভুক্ত আছে।
অক্সফোর্ড সফরের সময় নাগা প্রতিনিধিদল দেহাবশেষ সংগ্রহের সঙ্গে জড়িত এক নৃতত্ত্ববিদের বংশধরদের সঙ্গেও দেখা করে।
উপজাতীয় নেতাদের একজন থেজাও ভিহিয়েনু বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের ভূমি থেকে এই মানবদেহাবশেষগুলো যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, তা নিয়ে অনেক কিছু ভাবার আছে।’ তিনি বলেন, ‘আমার সন্দেহ, কেউ তাঁর বাবা বা দাদার মাথার খুলি উপহার হিসেবে অন্য কাউকে দিতেন না।’
নৃতত্ত্ববিদদের মতে, নাগা জনগোষ্ঠী একসময় শত্রুর মাথা কেটে ট্রফি হিসেবে রাখার প্রথা পালন করত। তবে তাঁরা নিজেদের প্রধানদের মাথাও গ্রামের কেন্দ্রে সংরক্ষণ করতেন।
এর আগেও পিট রিভার্স জাদুঘর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের আদিবাসী সম্প্রদায়ের কাছে মানবদেহাবশেষ ফেরত দিয়েছে।
ভারতের কাছে এই সর্বশেষ হস্তান্তরে শুধু ৩৯টি পূর্বপুরুষের দেহাবশেষ রয়েছে। ২০২৫ সালে নাগা প্রতিনিধিদল অক্সফোর্ড সফর করে আনুষ্ঠানিকভাবে সেগুলো ফেরত চাওয়ার পর এই হস্তান্তর হলো। জাদুঘরটি সেপ্টেম্বর মাসে ঘোষণা করেছিল যে দেহাবশেষগুলো ভারতে ফেরত দেওয়া হবে।



