…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

অধিনায়ক হামজার গোল ও অ্যাসিস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
অধিনায়ক হামজার গোল ও অ্যাসিস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচেই বাজিমাত করলেন হামজা চৌধুরী। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করালেন আরেকটি গোল। অধিনায়কের এমন অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপ সেরা হওয়ার ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমার্ধেই ২-০ গোলের শক্ত লিড নিয়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। পঞ্চম মিনিটে বক্সের কিছুটা বাইরে রাকিব হোসেন ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। সেখান থেকে হামজার নেওয়া বাঁকানো শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

তবে গোল পাওয়ার জন্য স্বাগতিকদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের অষ্টম মিনিটে ডান প্রান্ত থেকে হামজার মাপা ক্রসে শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে ব্যর্থ হন। আলগা বল ধরে প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় শটে বল জালে জড়ান কানাডাপ্রবাসী মিডফিল্ডার শমিত সোম। জাতীয় দলের হয়ে এটি তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক গোল।

১-০ গোলে এগিয়ে গিয়েও আক্রমণের তীব্রতা কমায়নি বাংলাদেশ। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অধিনায়ক হামজা নিজে। ফারহান আলী ওয়াহিদের নেওয়া লং পাস থেকে হেডে বল বক্সে বাড়ান রাকিব। চলন্ত বলেই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত ব্যাকহিল ফ্লিকে শট নেন হামজা, তবে বলটি সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়।

প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে এসে আর সুযোগ হাতছাড়া করেননি বাংলাদেশ অধিনায়ক। ৪৪তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে পড়েন হামজা। দারুণ ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে জোরালো শট নেন তিনি। শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে বল সোজা জালে প্রবেশ করে, স্কোর হয় ২-০।

হামজার এই গোলের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারির হাজারো দর্শক। প্রথমার্ধ শেষে এই বড় স্বস্তির লিড নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ।

ম্যাচ চলাকালে গ্যালারির একাংশে দেখা গেছে এক বিশাল ব্যানারও। এআই দিয়ে বানানো ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশ দলের ফারহান আলী ওয়াহিদের হাত থেকে তাঁর জার্সি নিচ্ছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ব্যানারের ডান দিকে ইংরেজিতে লেখা, ‘ডোন্ট ক্রাই, গো ব্যাক হোম’—বাংলা করলে যার অর্থ দাঁড়ায় ‘কেঁদো না, বাড়ি ফিরে যাও।’

এই ব্যানারের পেছনের প্রেক্ষাপট শ্রীলঙ্কান কোচের আগের মন্তব্যগুলো। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্রয়ের পর রেফারিং নিয়ে মন্তব্য করেছিলেন মুতাইরি; সেই মন্তব্যে আয়োজক বাংলাদেশকে নিয়ে খোঁচাও ছিল। তিনি বলেছিলেন, বাণিজ্যিক সুবিধার কথা ভেবে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে ফাইনাল ম্যাচটা শুধু ওই দুই দলের মধ্যেই আয়োজন করা হোক, বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দেওয়া হোক।

বাংলাদেশ ম্যাচের আগের দিনও মন্তব্য করেন মুতাইরি। তিনি বলেন, তিনি যদি তাঁর স্ত্রীকে কোনো কথা গোপন রাখতে বলেন, তাহলে তার অর্থ হলো পরিবারের সবাই সেই কথা জেনে যাবে; বাংলাদেশের সংবাদমাধ্যমও অনেকটা একই রকম, এখানে কোনো কিছু গোপন থাকে না। সাফের আগেই ফারহানের জার্সি রেখে দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি।

শ্রীলঙ্কান কোচের এসব মন্তব্য ভালো লাগেনি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। এরই কারণে শ্রীলঙ্কান কোচকে নিয়ে বানানো এমন ব্যানার নিয়ে ফুটবলপ্রেমীরা ঢাকার স্টেডিয়ামে হাজির হন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

খেলা

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত ম্যাচে বড় …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের
খেলা

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের

শেষ মুহূর্তের এক গোলে ভেঙে গেল বাংলাদেশের ২১ বছরের অপেক্ষা। শনিবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের…