‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন হাতছোঁয়া দূরত্বে এসেও মিলিয়ে গেছে মুহূর্তেই। শনিবার রাতে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের হারের পর বাংলাদেশের ডাগআউট ও লকার রুমের চিত্র ছিল ঠিক এমনই করুণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রধান কোচ টমাস ডুলি জানালেন, আকাশছোঁয়া প্রত্যাশা আর ঘরের মাঠের প্রচণ্ড চাপই মূলত ডুবিয়েছে তাঁর দলকে।
৮৬ মিনিটে আবদুল সামাদের গোলে স্বপ্নভঙ্গের পর শেষ বাঁশি বাজতেই সবুজ গালিচায় লুটিয়ে পড়েন হামজা চৌধুরী, রাকিব হোসেনরা। ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারি থেকে মাঠে ফ্লেয়ার ছুড়ে মারলে কিছুক্ষণ বন্ধও ছিল খেলা। মাঠের সেই হতাশা গিয়ে ভর করেছে ড্রেসিংরুমেও।
শিষ্যদের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে ডুলি বলেন, ‘লকার রুম একদম নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না।’ পরে তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এখন আর কোনো কথাই বলছে না, তারা ভেঙে পড়েছে, মাঠেই কাঁদছে। তারা জানে যে আজকের পারফরম্যান্স যথেষ্ট ছিল না।’
গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর সমর্থকদের প্রত্যাশাও বেড়েছিল অনেকটা। ২১ বছর পর ফাইনালে ওঠার সুযোগ আর ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন—সব মিলিয়ে জাতীয় স্টেডিয়ামে চাপটা যে কম ছিল না, সেটিই মনে করিয়ে দিয়েছেন ডুলি। তাঁর কথায়, ‘খেলোয়াড়রা তো আর রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, তাদের ওপর ঘরের মাঠে জেতার প্রচণ্ড চাপও কাজ করে।’
চাপের প্রভাব মাঠের খেলায় কীভাবে পড়েছে, সেটিও ব্যাখ্যা করেছেন বাংলাদেশ কোচ। শুরুতে বলের নিয়ন্ত্রণ নিতে না পারা, পাসে ভুল এবং একের পর এক ভুলের আশঙ্কা খেলোয়াড়দের আরও স্নায়ুচাপে ফেলেছে বলে মনে করেন তিনি। ডুলি বলেন, ‘ম্যাচ যত বেশি গুরুত্বপূর্ণ হয়, কখনো কখনো খেলোয়াড়দের আত্মবিশ্বাস তত কমে যায়। সে একটি ভুল করলে তা মাথার ভেতর ঘুরতে থাকে—২০ হাজার দর্শকের সামনে এত গুরুত্বপূর্ণ ম্যাচে আমি আর কোনো ভুল করতে চাই না—আর এই ভাবনা থেকেই সে আরেকটি ভুল করে বসে। চাপে থাকলে অনেক সময় খেলার গতি ও চিন্তার গতি কিছুটা ধীর হয়ে যায়।’
বাংলাদেশকে ৮৫ মিনিট পর্যন্ত আগলে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। একের পর এক দুর্দান্ত সেভে বাঁচিয়েছেন দলকে। কিন্তু সেই শ্রাবণই মুহূর্তের ভুলে ডেকে আনলেন সর্বনাশ—থ্রো করতে গিয়ে বল তুলে দিলেন প্রতিপক্ষের খাট্টাকের পায়ে, সেখান থেকেই আসে গোলটি। ডুলি বলেন, ‘ম্যাচের শেষ কয়েক মিনিটে—যখন আপনি ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য আপনাকে জিততেই হবে, সাফ টুর্নামেন্ট জয়ের এত বড় একটি সুযোগ হাতের মুঠোয়—ঠিক তখন ৮৬তম মিনিটে গোল খেয়ে বসাটা একটি বড় ধাক্কা। মানুষ হিসেবে এটি সামলানো সহজ নয়।’
হারের ব্যাখ্যায় মানসিক চাপের পাশাপাশি শারীরিক ক্লান্তির কথাও বলেছেন ডুলি। বাংলাদেশের তুলনায় পাঁচ দিন বেশি বিশ্রাম পেয়েছিল পাকিস্তান। টুর্নামেন্টজুড়ে টানা উচ্চমাত্রার ম্যাচ খেলার ধকলও দলের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড়ের পেশিতে টান ধরার ঘটনাও সেই ক্লান্তির ইঙ্গিত দিয়েছে।
অন্যদিকে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠে দারুণ খুশি পাকিস্তান কোচ নলবার্তো সোলানো। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খেলোয়াড়দের অভিনন্দন, অভিনন্দন জানাই পুরো দলকে। আমরা জানি যে এই ফাইনালে পৌঁছানোর জন্য আমরা খুব কঠোর পরিশ্রম করেছি। আজকে বাংলাদেশের বিপক্ষে সত্যিই খুব কঠিন ম্যাচ ছিল। খুব ভালো দল, বেশ কিছু ভালো ও অভিজ্ঞ খেলোয়াড় আছে তাদের দলে। আমাদের পরিকল্পনা খুব ভালো কাজ করেছে এবং আমরা জানতাম যে কীভাবে তাদের জন্য ম্যাচটি কঠিন করে তোলা যায়।’
বাংলাদেশ দলকে সমর্থন করে যেতে বলেছেন পেরুর সাবেক এই খেলোয়াড়। তিনি বলেন, ‘সত্যি বলতে এই স্টেডিয়ামের পরিবেশটা দারুণ, আমার অনেক দিন এমন অনুভূতি হয়নি। স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের দেখাটা দারুণ ব্যাপার। আমি জানি বাংলাদেশের ফুটবল অনেক উন্নতি করেছে। তাই আপনাদের দেশের ফুটবলকে সমর্থন করে যান। এটা তো মাত্র একটা টুর্নামেন্ট, তবে আমার বিশ্বাস আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’
হামজা চৌধুরীর প্রশংসা করে সোলানো আরও বলেন, ‘আমরা জানতাম হামজা একজন দারুণ খেলোয়াড়। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন। সে বল পায়নি, কারণ আমরা তাকে আটকে রেখেছিলাম। এটাই ছিল আমাদের পরিকল্পনা, যেন সে বল না পায়।’ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের শুরুটা ভালো হয়নি, বিশেষ করে প্রথম ৪৫ মিনিটে আমরা তিন গোল হজম করি। কিছুটা সময় লেগেছে দলের মানিয়ে নিতে। আমরা পর্যাপ্ত প্রস্তুতি বা অনুশীলনের সুযোগ ছাড়াই খেলতে এসেছি। তবে আমাদের রক্ষণভাগ শেষ ৮-১০ মিনিট খুব শক্তভাবে ম্যাচটি ধরে রেখেছিল। আমরা এই ফাইনাল নিয়ে রোমাঞ্চিত এবং ম্যাচটি দারুণ হবে।’



