ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে কমেছে ২ হাজার ৭৪১ টাকা। বুধবার (১১ নভেম্বর) নির্ধারণ করা নতুন দাম এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণ ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৯ হাজার ২২০ টাকা। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
২১ ক্যারেট স্বর্ণের গয়নার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৩৫৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা।
১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৭৭৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৯৯৯ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।



