…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
ছবি: সংগৃহীত

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ সম্মেলন আয়োজন করেছে সরকার। আগামীকাল ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছে। কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দুই দিনের সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধনের কথা রয়েছে।

দুই দিনে মোট সাতটি অধিবেশন হওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে সরকারি ঋণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ গ্রহণের কৌশল, স্থানীয় বন্ড বাজারের উন্নয়ন এবং বিকল্প অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের সরকারি ঋণ ক্রমাগত বাড়ছে; একই সঙ্গে সুদ ও ঋণ পরিশোধের চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে শুধু ঋণের পরিমাণ নয়, ঋণের ব্যয়, মেয়াদ, ঝুঁকি এবং ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে—এসব বিষয় সম্মেলনে গুরুত্ব পাবে।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য আলাদা ও কার্যকর কাঠামো গড়ে তোলা। এ লক্ষ্যে ডেট ম্যানেজমেন্ট অফিস বা ঋণ ব্যবস্থাপনা কার্যালয় (ডিএমও) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব ভাগ করা রয়েছে। ঋণ গ্রহণ, ঋণের তথ্য সংরক্ষণ, ঝুঁকি বিশ্লেষণ ও ঋণ পরিশোধের পরিকল্পনা আরও সমন্বিতভাবে পরিচালনার প্রয়োজন রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ডিএমও সরকারি ঋণের সামগ্রিক চিত্র বিশ্লেষণ, ঋণ গ্রহণের কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় কাজ করে।

স্থানীয় মুদ্রার বন্ড বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি। সরকারি ঋণের বড় অংশ আসে অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে, আর বিদেশি ঋণে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ওপর নির্ভরতা রয়েছে। স্থানীয় মুদ্রায় সরকারি বন্ডে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা গেলে অর্থায়নের উৎস বাড়তে পারে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন; এ ক্ষেত্রে বাজারে প্রবেশ ও বিনিয়োগ প্রত্যাহারের সুযোগ, লেনদেনের স্বচ্ছতা, মুদ্রা রূপান্তর ও নীতিগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।

প্রচলিত ঋণের পাশাপাশি বিকল্প উৎস তৈরির বিষয়টিও আলোচনায় থাকবে। এ ক্ষেত্রে সুকুকসহ বিভিন্ন বিকল্প অর্থায়ন পদ্ধতির সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। সুকুক হচ্ছে সম্পদভিত্তিক ইসলামি আর্থিক বিনিয়োগব্যবস্থা; সরকার অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এ ধরনের উপকরণ ব্যবহার করতে পারে।

আয়োজকেরা জানান, সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের অংশগ্রহণের কথা রয়েছে।

অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে সরকারের দেশি-বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ লাখ ৫৯ হাজার কোটি টাকা। এর মধ্যে দেশি ঋণ ১২ লাখ ৯৫ হাজার কোটি এবং বিদেশি ঋণ ৯ লাখ ৬৪ হাজার কোটি টাকা। ঋণ-জিডিপি অনুপাত প্রায় ৪০ শতাংশ।

তবে ঋণের পরিমাণের চেয়ে তা পরিশোধের সক্ষমতা নিয়েই উদ্বেগ বেশি। কারণ, বাংলাদেশের রাজস্ব আয় তুলনামূলকভাবে কম; ফলে সরকারের আয়ের বড় একটি অংশ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে সরকারি ঋণের সুদ পরিশোধ আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের ঋণ-জিডিপি অনুপাত প্রায় ৪৩ শতাংশ এবং ২০২৭-২৮ অর্থবছরে ৪৫ দশমিক ২ শতাংশে পৌঁছাতে পারে—অর্থাৎ ঋণের বোঝা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…

অর্থনীতি ও ব্যবসা

এলএনজির দাম ১২ থেকে বেড়ে ৩১ ডলার, ডিসেম্বর পর্যন্ত সরবরাহ নিশ্চিত করেছেন জ্বালানিমন্ত্রী

ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটাতে প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ…