এলএনজির দাম ১২ থেকে বেড়ে ৩১ ডলার, ডিসেম্বর পর্যন্ত সরবরাহ নিশ্চিত করেছেন জ্বালানিমন্ত্রী
ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটাতে প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ তিনি এ কথা জানান।
‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক এই সম্মেলনে জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। ডিসেম্বর পর্যন্ত সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় এলএনজি কেনা হয়েছে।
তিনি জানান, ডিসেম্বরের সরবরাহ নিশ্চিত করার পর এখন জানুয়ারি মাসের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন করে এলএনজি কেনার পরিকল্পনা করা হবে। অর্থাৎ আগামী মাসের চাহিদা মেটাতে জ্বালানি কেনার প্রস্তুতি এখন থেকেই নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক জ্বালানি সংকটের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।
একই সময়ে গ্যাসের অভাবে ভোগান্তিতে পড়ে শিল্পকারখানাগুলোও। সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে বলে জানান তিনি।
দামের চিত্র তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, এ সময় সিঙ্গাপুরের বাজারেও এলএনজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ১২ ডলার; সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে পৌঁছেছে।
মন্ত্রী আরও বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের প্রায় সমান হয়ে যায়। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কিছু ইউনিট চালু করা হয়।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গত প্রায় দুই সপ্তাহে লোডশেডিংয়ের পরিমাণ খুব কম ছিল। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও তা জ্বালানি সংকটের কারণে নয়, বরং কারিগরি ত্রুটির কারণে হয়েছে বলে জানান তিনি।



