আশরাফুলকে সরিয়ে দেওয়া ভালো উদাহরণ নয়, আরও সময় দেওয়া উচিত ছিল: ফারুক আহমেদ

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ভালো উদাহরণ হিসেবে দেখছেন না সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তাঁর মতে, আশরাফুলের মতো অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ককে কাজের জন্য আরও কিছুটা সময় দেওয়া উচিত ছিল।
২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান আশরাফুল। শুরুতে নির্দিষ্ট একটি সিরিজের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হলেও পরে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই গত ২৪ অক্টোবর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের প্রথম সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুলের বিষয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান সাবেক এই অধিনায়ক।
ফারুকের মতে, একজন কোচের কাজ মূল্যায়নের জন্য যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন। সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আশরাফুলের উপস্থিতি ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব ফেলতে পারত বলেও তিনি মনে করেন। তাঁর অধীনে দলের ব্যাটিংয়ে কিছুটা উন্নতিও দেখা গিয়েছিল বলে ফারুক উল্লেখ করেন।
ফারুক আহমেদ বলেন, ‘এটা খুব ভালো একটা উদাহরণ আপনি তৈরি করেননি। আশরাফুল যখন আমি ভাইস প্রেসিডেন্ট, তখন নিয়োগ পেয়েছে। আমার মনে হয়, ব্যাটিংয়ে কিছুটা হলেও তার উন্নতি আমরা দেখেছি। একজন ভালো খেলোয়াড় যখন দলের সঙ্গে কাজ করেন, তখন তার কথাগুলো ক্রিকেটাররা মনোযোগ দিয়ে শোনেন।’
তিনি আরও বলেন, হঠাৎ করে একটি-দুটি ব্যর্থতার জন্য একজনকে আলাদা করে দায়ী করা ঠিক নয়। তাঁর ভাষায়, মনে হচ্ছে যেন আশরাফুলের জন্যই সবকিছু খারাপ হয়ে গেছে, আসলে ব্যাপারটা এমন নয়। তাঁকে আরেকটু বেশি সময় দিলে ভালো হতো বলে তিনি মন্তব্য করেন। তবে ক্রিকেট বোর্ড কী চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে বা কে সিদ্ধান্ত নিয়েছে, তা তাঁর জানা নেই বলেও জানান ফারুক।
শুধু আশরাফুলের প্রসঙ্গই নয়, বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন ফারুক। মাঝেমধ্যে ভালো কিছু জয় এলেও সামগ্রিকভাবে দলের খেলায় ধারাবাহিকতার অভাব দেখছেন তিনি। একটি সিরিজে ভালো করার পর পরের সিরিজেই প্রত্যাশা পূরণ করতে না পারাকে তিনি উদ্বেগজনক মনে করেন।
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ফারুক বলেন, ‘আমি একদমই আমার ক্রিকেটিং পারসপেক্টিভে বলছি, ফরমার ক্যাপ্টেন হিসেবে। আসলে ক্রিকেট যেভাবে খেলছি আমরা, ভালো খেলছি না, দ্যাটস আ ফ্যাক্ট। এখনও বিচ্ছিন্নভাবে জিতছি, হারছি এবং হারছি বাজেভাবে। এর মধ্যে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। আবার এরপরে সম্ভবত ড্র করেছি। সেই দিক বিবেচনা করলে আমার মনে হয়, আরও ভালো পারফরম্যান্স আশা করি।’
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। তাঁর মতে, একসময় টেস্টে ভালো করার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে সামনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আপনি যদি টেস্টের পারফরম্যান্স দেখেন, আমরা আটটি দলের মধ্যে চার বা পাঁচে ছিলাম। একটা সময় সামান্য হলেও আশা জেগেছিল, আমরা হয়তো ফাইনালেও যেতে পারি। যদিও সম্ভাবনা খুব কম ছিল। সামনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে হবে। সব মিলিয়ে আমার মনে হয়, আমাদের পারফরম্যান্স ভালো নয়। আশা করব, বাংলাদেশ দল উন্নতি করবে।’
দলের ব্যর্থতার দায় শুধু ক্রিকেটারদের ওপর চাপাতে চান না ফারুক। তাঁর মতে, খেলোয়াড়দের স্বাভাবিকভাবে খেলার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বোর্ড ও টিম ম্যানেজমেন্টকেও দায়িত্ব নিতে হবে। অযৌক্তিক চাপ তৈরি হলে তা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি বলেন, খেলোয়াড়দের টেনশনমুক্তভাবে খেলতে দিলে তারা আরও ভালো পারফর্ম করবে। বাইরে থেকে অতিরিক্ত অযৌক্তিক চাপ এলেও সমস্যা হবে। এটি ম্যানেজমেন্ট, টিম, ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা হতে হবে; ভালো খেললে যেমন সবাই কৃতিত্ব নেবে, খারাপ খেললেও সেই দায় নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিকতা ফেরাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ফারুক বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর মতো সাফল্যের পরও পরের সিরিজে ভালো খেলতে না পারলে দলের অগ্রগতি নিয়ে প্রশ্ন ওঠে। তিনি ধারাবাহিক পারফরম্যান্স চান, কারণ ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলেই একটি ভিত্তি বা প্ল্যাটফর্ম তৈরি হবে বলে তিনি মনে করেন।




