প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রি বেড়েছে ১৫.৭৪ শতাংশ, নিট মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কর-পরবর্তী নিট মুনাফা করেছে ২২৪.৭৪ কোটি টাকা। একই সময়ে কোম্পানিটির পণ্য বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫.৭৪ শতাংশ।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদন থেকেই প্রথম প্রান্তিকের এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ওয়ালটনের নিট রেভিনিউ দাঁড়িয়েছে ১,৬৭৯.৪৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে নিট রেভিনিউ ছিল ১,৪৫১.০৩ কোটি টাকা। সেই তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে পণ্য বিক্রি বেড়েছে ১৫.৭৪ শতাংশ।
বিক্রি বাড়ার প্রেক্ষিতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ২২৪.৭৪ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২২০.৮৯ কোটি টাকা।
চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬.৭৪ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬.৬৩ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত দাঁড়িয়েছে ২৮৭.০৬ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮.০১ টাকা।
প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়, পূর্ববর্তী বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লোর (এনওসিএফপিএস) পরিমাণ কমলেও কোম্পানিটি আলোচ্য সময়ে ইতিবাচক নিট পরিচালন নগদ প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে।
আর্থিক প্রতিবেদনে দেশের সামষ্টিক অর্থনীতিতে বিদ্যমান মুদ্রাস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে অস্থিরতা, অর্থায়ন ব্যয় বৃদ্ধি এবং ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতাসহ নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের কথাও উল্লেখ করা হয়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যেই কোম্পানিটি নিট মুনাফা, বিক্রয়, ইপিএস ও এনএভিতে প্রবৃদ্ধি অর্জন করেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালনগত দক্ষতা শক্তিশালীকরণ, কার্যকরী মূলধনের সর্বোত্তম ব্যবহার এবং আর্থিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ালটন হাই-টেকের পর্ষদ সময়োপযোগী কৌশলগত পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করে চলছে।
ওয়ালটন ম্যানেজমেন্ট সুশৃঙ্খল কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, দেনাদারদের কাছ থেকে প্রাপ্য অর্থ আদায় ত্বরান্বিত করা, সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়চক্রের সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিচক্ষণ তারল্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া অব্যাহত রেখেছে বলেও প্রতিবেদনে জানানো হয়।



