…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

৭০ বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার শিক্ষার্থীর এআই ধারণা, ফিউচারমেকার্সে প্রথম লাবডাবের ‘ইকোক্লিপ’

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এই ফিনালেতে প্রজেক্ট ‘ইকোক্লিপ’-এর জন্য প্রথম স্থান অধিকার করেছে টিম লাবডাব।

দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক ধারণা নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘এআই ফর সোশ্যাল গুড’। এই সংস্করণে দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৭,০০০-এর বেশি শিক্ষার্থী ১,১০৩টি ধারণা জমা দেন। ২০২৫ সালের প্রথম সংস্করণের তুলনায় এ বছর শিক্ষার্থী অংশগ্রহণের হার ছিল ৪০ শতাংশ বেশি।

ফিউচারমেকার্সের দ্বিতীয় সংস্করণে স্টেম ও নন-স্টেম উভয় ধারায় অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাতটি চ্যালেঞ্জিং বিষয়ের ওপর এআই-চালিত ধারণা রূপায়নের আহ্বান জানানো হয়। বিষয়গুলো ছিল ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশগত ভারসাম্য ও জলবায়ু প্রতিক্রিয়া এবং নিরাপত্তা, সুরক্ষা ও ডাটার গোপনীয়তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্র।

গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ গ্রামীণফোনের জ্যেষ্ঠ কর্মকর্তা, শিল্পখাতের বিশেষজ্ঞ, প্রযুক্তি পেশাজীবী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

ফাইনালিস্টরা বিচারক প্যানেলের সামনে তাঁদের সল্যুশনগুলো উপস্থাপন করেন। প্যানেলে ছিলেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ স্ট্রাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং চিফ ইনফরমেশন অফিসার ড. নিরঞ্জন শ্রীনিবাসন।

বিচারক প্যানেল উদ্ভাবন, বাস্তবায়নযোগ্যতা, কতটা সামাজিক প্রভাব ফেলতে পারবে এবং এআইয়ের বাস্তবভিত্তিক প্রয়োগ বিবেচনায় নিয়ে ধারণাগুলো মূল্যায়ন করে।

প্রথম স্থান অধিকার করা টিম লাবডাবের ‘ইকোক্লিপ’ একটি এআই-চালিত ক্লিপ-অন ডিভাইস, যা সাধারণ স্টেথোস্কোপকে হৃদরোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করে।

দ্বিতীয় স্থান অধিকার করেছে টিম রিভার সেন্টিনেল। তারা নদীভাঙনের পূর্বাভাস দিতে এআই-চালিত ব্যবস্থা তৈরি করেছে; এটি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করতে এবং ঝুঁকিতে থাকা মানুষদের পূর্বাভাস বা আগাম সতর্কতা দিতে সক্ষম।

তৃতীয় স্থান অধিকার করেছে টিম জিনক্সড, প্রজেক্ট ‘স্পষ্ট এআই’-এর জন্য। এটি এআইয়ের সহায়তায় পরিচালিত একটি স্পিচ-থেরাপি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে নির্দেশনা অনুযায়ী বাড়িতে অনুশীলন এবং অগ্রগতি পরিমাপ করা সম্ভব, যাতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত হয়।

সৃজনশীলতা ও সল্যুশনগুলোর সম্ভাবনার স্বীকৃতি হিসেবে বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হয়। তারা যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার পেয়েছেন।

পুরস্কারের পাশাপাশি বিজয়ী দলগুলো গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘নেক্সট বিজনেস লিডার’ এবং ‘নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এ সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলেও আয়োজনে জানানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঝিনাইদহে আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে-ক্রাফট প্রদর্শনী, ১৭ স্টলে সাড়ে ৩৫০ শিল্পকর্ম

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে ও ক্রাফটের শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈ…

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

শিক্ষা

ঠাকুরগাঁওয়ে ছয় স্কুলের শিক্ষার্থীদের হাতে বই, বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

ঠাকুরগাঁও জেলায় সম্প্রসারণ করা হয়েছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি। স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গ…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…