ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের ছয় মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিয়ের মাত্র ছয় মাসের মাথায় মুরসালিনা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার পর উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মুরসালিনা আক্তার চন্ডিবিলা গ্রামের রাব্বী মোল্যার স্ত্রী। তিনি পাশের মধুখালী উপজেলার দাড়িরপাড় গ্রামের মাছিম মল্লিকের মেয়ে।
স্বামীর বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মুরসালিনার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা ও মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তাঁরা মুরসালিনার স্বামী রাব্বী মোল্যা ও তাঁর পরিবারের সদস্যদের দায়ী করেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



