…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বুয়েটের ১৫০ বছর পূর্তিতে জানুয়ারিতে সপ্তাহব্যাপী মহাপুনর্মিলনী, কর্মসূচি ঘোষণা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক
বুয়েটের ১৫০ বছর পূর্তিতে জানুয়ারিতে সপ্তাহব্যাপী মহাপুনর্মিলনী, কর্মসূচি ঘোষণা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে আগামী বছরের ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

আয়োজনে থাকছে বর্ণাঢ্য র‍্যালি, স্মারক বক্তৃতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কর্মশালা এবং বিভিন্ন স্থানে ভ্রমণের কর্মসূচি। বুধবার (১১ নভেম্বর) বুয়েটের কাউন্সিল ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একরামুল হক। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ছাত্রকল্যাণ পরিচালক, সমন্বয়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুল মোতালেব।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির মহাসচিব প্রকৌশলী মো. আতিকুর রহমান ভূঁইয়া বলেন, বুয়েটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি শক্তিশালী ও কার্যকর অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। এ নেটওয়ার্ক আগামী প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক শিক্ষার্থী বর্ষীয়ান অভিনেতা, লেখক, নাট্যনির্দেশক ও সিভিল ইঞ্জিনিয়ার আবুল হায়াত। স্মৃতিচারণা করে তিনি বলেন, বুয়েট শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার অনন্য প্রতিষ্ঠান। তিনি বলেন, বুয়েট থেকে তাঁরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, সততা ও নৈতিকতার শিক্ষাও পেয়েছেন এবং এই শিক্ষাই কর্মজীবনে তাঁদের পথ দেখিয়েছে।

উপাচার্য অধ্যাপক একরামুল হক বলেন, বুয়েটের বর্তমান অবস্থানের পেছনে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন জায়গায় বুয়েটকে তুলে ধরছেন। তিনি বলেন, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বুয়েটের প্রাতিষ্ঠানিক কাঠামো ও শক্তিশালী ব্যবস্থাপনা এখনো বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিচ্ছে।

বুয়েটকে পরবর্তী ধাপে উন্নীত করতে প্রাক্তন শিক্ষার্থী ও সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন উপাচার্য। ‘বুয়েট ডেভেলপমেন্ট ট্রাস্ট’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ তহবিলে সরকার, প্রাক্তন শিক্ষার্থী ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অবদান প্রয়োজন।

সপ্তাহব্যাপী মহাপুনর্মিলনীর কর্মসূচি তুলে ধরেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও উদযাপন কমিটির সদস্যসচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান। তিনি জানান, ৬ জানুয়ারি প্রথম দিনে হলভিত্তিক অনুষ্ঠান, হল প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা, র‍্যালি, নিবন্ধন ও স্মারকসামগ্রী বিতরণ, প্রকৌশল প্রজন্মের স্টল উদ্বোধন, ড. জামিলুর রেজা চৌধুরী স্মারক বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

৭ জানুয়ারি বুয়েটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও অর্জন নিয়ে আলোচনা, প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময় এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি থাকবে ১৪তম মহাপুনর্মিলনীর মূল উদ্বোধন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বুয়েটের ১৫০ বছরের ইতিহাস ও বিভিন্ন ক্ষেত্রে অবদান নিয়ে আলোচনা, কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার বিতরণ এবং ঐতিহাসিক বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

৯ জানুয়ারি উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কর্মশালা, ৫০ ও ৩০ বছর পূর্তি উপলক্ষে বুয়েটের গ্র্যাজুয়েটদের সংবর্ধনা, বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্যোক্তা ও স্পন্সরদের সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া ১০ থেকে ১৩ জানুয়ারি সুন্দরবন, পদ্মা নদীতে ক্রুজ এবং গাজীপুরের সারাহ রিসোর্টে ভ্রমণের আয়োজন রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুর রউফ। তিনি বলেন, সহ-উপাচার্যের প্রস্তাবিত ৩০ কোটি টাকার তহবিল গঠনের বিষয়টি পরবর্তী কাউন্সিল ও ট্রাস্টি বোর্ডের সভায় উত্থাপন করা হবে এবং অ্যালামনাইয়ের পক্ষ থেকে প্রস্তাবটি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঝিনাইদহে আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে-ক্রাফট প্রদর্শনী, ১৭ স্টলে সাড়ে ৩৫০ শিল্পকর্ম

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে ও ক্রাফটের শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈ…

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

শিক্ষা

ঠাকুরগাঁওয়ে ছয় স্কুলের শিক্ষার্থীদের হাতে বই, বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

ঠাকুরগাঁও জেলায় সম্প্রসারণ করা হয়েছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি। স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গ…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…