এবিজি ইউনিভার্সিটি কাপের সেমিতে স্কলার্সের ১৬৫, গ্যালারিতে শিক্ষার্থীদের উৎসব

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বুধবার এবিজি ইউনিভার্সিটি কাপের দ্বিতীয় সেমিফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটির মুখোমুখি হয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স। ফাইনালে ওঠার এই লড়াই ঘিরে মাঠে যেমন লড়াই চলছিল, গ্যালারিতেও তৈরি হয়েছিল উৎসবের আমেজ।
প্রিয় বিশ্ববিদ্যালয়ের দলকে সমর্থন জানাতে দল বেঁধে মাঠে এসেছেন স্কলার্সের শিক্ষার্থীরা। চার-ছক্কার সঙ্গে গ্যালারিতে উল্লাস ছড়িয়ে পড়ছিল; হাতে রঙিন প্ল্যাকার্ড, কণ্ঠে প্রিয় দলের জন্য স্লোগান আর হাততালিতে পুরো সময় দলকে উৎসাহ দিয়ে গেছেন তাঁরা।
গ্যালারির প্ল্যাকার্ডে লেখা ছিল ‘Go Scholars Here We Come’, ‘Dream Big Play Hard’ ও ‘UOS! WE BELIEVE!’-এর মতো বার্তা। কোথাও লেখা ‘Scholars On The Pitch Champions In The Making’, কোথাও ‘UOS IS HERE!’ ও ‘KEEP CALM SUPPORT Scholars’ লিখে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিলেন সমর্থকেরা।
দলের প্রতি এই সমর্থন শুধু প্ল্যাকার্ডেই সীমাবদ্ধ ছিল না। কেউ দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন, কেউ স্লোগানে সতীর্থদের উজ্জীবিত করছিলেন। তাঁদের প্রত্যাশা, প্রথমবারের মতো ফাইনালে উঠবে প্রিয় দল এবং শেষ পর্যন্ত শিরোপাও ঘরে তুলবে।
গ্যালারিতে থাকা শিক্ষার্থী মারিয়া নিজের দলের প্রতি আত্মবিশ্বাসের কথা জানিয়ে বলেন, তাঁদের দলই সেরা; তিনি বিশ্বাস করেন স্কলার্স ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়নও হবে।
পুরো টুর্নামেন্টজুড়েই ছন্দে রয়েছে স্কলার্স। গ্রুপ পর্বে ভালো ক্রিকেট খেলে সেমিফাইনালে জায়গা করে নেওয়া দলটি এবার শিরোপার আরও কাছে যেতে চায়, আর সেই অভিযানে খেলোয়াড়দের পাশে থেকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। ফাইনালের টিকিট পেতে এখন বোলারদের দিকে তাকিয়ে আছেন শিক্ষার্থীরা।




