…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

উচ্ছেদের এক সপ্তাহেই গুলিস্তানের ফুটপাত আবার হকারদের দখলে, সচিবালয়ের গেটের সামনেও ভ্রাম্যমাণ দোকান

নিজস্ব প্রতিবেদক

উচ্ছেদের মাত্র এক সপ্তাহের মাথায় রাজধানীর গুলিস্তানের চিত্র ফের পাল্টে গেছে। ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কিছুদিন পরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের পর হকাররা ব্যস্ত সড়ক ছেড়ে চলে গেলেও আবার তারা ফুটপাত দখল করে বসেছেন।

সরেজমিনে দেখা গেছে, ফুটপাতজুড়ে বসছে ভ্রাম্যমাণ দোকান, সড়ক দখল করে বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র। গুলিস্তানের জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বায়তুল মোকাররম মসজিদ ও স্টেডিয়ামসংলগ্ন এলাকাসহ প্রায় সবখানের চিত্র একই রকম। এমনকি সচিবালয়ের গেটের সামনেই বসেছে হকারদের ভ্রাম্যমাণ দোকান। গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত রাস্তার প্রায় পুরোটাই হকারদের দখলে রয়েছে।

গত মাসের শেষের দিকে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। বারবার অভিযানের পরও হকাররা কীভাবে ফিরে আসে — সাংবাদিকদের এমন প্রশ্নে ডিএসসিসি প্রশাসক সে সময় বলেন, যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই নগরবাসীর স্বার্থে অভিযান চালানো হবে। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।

ডিএসসিসির এই হুঁশিয়ারির পরও চিত্র পাল্টায়নি। দেখা গেছে, সকালে অভিযান চালালে বিকেলেই আবার দোকান সাজিয়ে বসে গেছেন হকাররা।

একাধিক পথচারী বলেছেন, রাস্তা-ফুটপাত দখল করে ব্যবসার কারণে তাঁরা ঝামেলায় পড়েন। গাড়ি ঠিকমতো যাতায়াত করতে পারে না, যানজট লেগেই থাকে। পথচারীদের অভিযোগ, গুলিস্তান এত ব্যস্ত এলাকা, এখানকার রাস্তা থাকা উচিত মসৃণ, যাতে যানজট না লাগে। অথচ ফুটপাত দিয়ে হাঁটা যায় না, রাস্তা দিয়ে গাড়ি চলাচলেও ঝামেলা হয়। দোকানগুলো রাস্তার প্রায় অর্ধেক আর ফুটপাতের পুরোটাই দখল করে রেখেছে বলে তাঁরা জানান।

ফুটপাত দখলকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কেউ বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, তাঁদের উঠিয়ে দিলে তাঁরা আবার বসেন, কারণ তাঁদের কিছু করার নেই। এখানে ব্যবসা করেই তাঁদের পেট চলে, পরিবার চলে, সন্তানদের লেখাপড়া চলে। ব্যবসা করতে না দিলে তাঁরা কীভাবে চলবেন — এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তাঁদের কোনো নির্দিষ্ট জায়গা নেই যেখানে বসে ব্যবসা করবেন।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা ডিএসসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি। সে কারণেই প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে এবং প্রশাসক নিজেই অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তবু কিছু কিছু জায়গায় এখনো ঘাটতি আছে এবং এ জন্য পুরোপুরিভাবে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।

খয়বর রহমান আরও বলেন, সিটি করপোরেশন এখন এই বিষয়ে কঠোর অবস্থানে আছে। হকারদের জন্য সিটি করপোরেশনের নির্দিষ্ট করে দেওয়া জায়গা বা সীমানার বাইরে বসলেই মালামাল জব্দ করে জরিমানা করা হচ্ছে। যেসব জায়গা এখনো অবৈধভাবে হকাররা দখল করে আছে, সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে তিনি জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…

জাতীয়

আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছয়টিতে সাধারণ ছুটি

ন্যূনতম মাসিক পারিশ্রমিক ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত ৪০টি তৈরি পোশাক কারখান…

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে
জাতীয়

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষ…