মধ্যরাতে সাফের ইমেইলেই ম্যাচ হেরেছি, ৪-০ হারের পর বিস্ফোরক শ্রীলঙ্কা কোচ মুতাইরি, বললেন আর সাফে কোচিং করাবেন না

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কার ড্র প্রয়োজন ছিল, সেখানে চার গোলে হেরে তারা বিদায় নিয়েছে। মুতাইরির দাবি, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিন মধ্যরাতে পাঠানো এক ইমেইলেই মানসিকভাবে ম্যাচটা হেরে বসেছিল তাঁর দল।
সংবাদ সম্মেলনে মুতাইরি শুরুতে বাংলাদেশকে জয়ের জন্য অভিনন্দন জানান। এরপর তিনি নিজের মুঠোফোন তুলে বলেন, তাঁকে মধ্যরাতে নোটিশ দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, মধ্যরাতে তাঁর স্ত্রীও তাঁকে ডাকে না, সেখানে সাফ মধ্যরাতে চিঠি দিয়েছে।
মুতাইরির অভিযোগ, ম্যাচের আগের রাতে যখন তাঁর দলের শান্তিতে বিশ্রাম নেওয়ার কথা, ঠিক সেই মধ্যরাতে সাফের লিগ্যাল ডিপার্টমেন্টের প্রধান তানজিম আহমেদ খান তাঁকে একটি ইমেইল পাঠান। সেখানে রেফারিংয়ের সমালোচনা ও ভিএআর চাওয়ার ‘অপরাধে’ তাঁকে ছয় মাসের নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
ভুটান-শ্রীলঙ্কা ম্যাচের পর মুতাইরি রেফারিং ও সাফ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। সেটার প্রেক্ষিতেই সাফের লিগ্যাল অফিসার তানজিম তাঁকে চিঠি দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ম্যাচজুড়ে নয়, পুরো সংবাদ সম্মেলনজুড়েই মুতাইরি একাধিকবার এই লিগ্যাল অফিসারের নাম নিয়েছেন।
তীব্র ক্ষোভ প্রকাশ করে কুয়েতি এই কোচ বলেন, ‘মাইন্ড গেম! অভিনন্দন তানজিম, আপনি চমৎকার কাজ করছেন। কেন আপনারা মধ্যরাতে ইমেইল পাঠালেন, সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না? এত তাড়াহুড়ো কিসের ছিল? এমনকি আমার স্ত্রীও মধ্যরাতে আমার সঙ্গে কথা বলে না।’ আয়োজক দেশের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের একজন কর্মকর্তার এমন আচরণকে তিনি ‘নোংরা চাল’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি স্বীকার করেন, ওই ইমেইল পাওয়ার পর থেকেই তিনি জানতেন যে তাঁর দল হারতে যাচ্ছে।
সাফের কর্তাদের দ্বৈতনীতি নিয়েও সমালোচনা করেছেন মুতাইরি। ২০২৩ সালের সাফের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তান ম্যাচে যখন ভারতের কোচ লাল কার্ড পেলেন, সাফ তাঁকে শাস্তি দিতে চায়নি। তিনি ইউরোপীয়, ভারতের কোচ, তাঁকে কে আটকাবে — এমন প্রশ্ন তোলেন তিনি। তৃতীয় ম্যাচে ভারতের কোচ কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে মারামারি করলেও সাফ মাত্র ৫০০ ডলার জরিমানা করেছিল বলে তিনি উল্লেখ করেন। অথচ তাঁকে বার্তা পাঠানো হচ্ছে যে তাঁকে ছয় মাস বা এক বছরের জন্য নিষিদ্ধ করা হবে বলে তিনি অভিযোগ করেন এবং প্রশ্ন তোলেন, তিনি কোনো ইউরোপীয় হলে তারা কি তাঁকে আটকাতে পারত।
নিজের আত্মপক্ষ সমর্থন করে মুতাইরি বলেন, তিনি কি ভুটানের কোনো খেলোয়াড়কে আঘাত করেছেন, রেফারি কিংবা সাফ নিয়ে আক্রমণাত্মক কিছু বলেছেন — এরপরও কেন তাঁকে মধ্যরাতে চিঠি দেওয়া হবে।
২০২১ সালের সাফের পুরোনো ক্ষোভও এদিন তুলেছেন মুতাইরি। সে বছর মালদ্বীপে সাফ হয়েছিল, মালদ্বীপ ফাইনাল খেললেও তিনি ডাগআউটে থাকতে পারেননি। তিনি বলেন, সাফ তাঁর সঙ্গে এমন আচরণ বরাবরই করছে, ২০২১ সালে তাঁকে একাধিকবার কার্ড দেওয়া হয়েছে এবং ফাইনালে থাকার অধিকার তিনি হারিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, প্রতিযোগিতার নিয়মকানুনে যদি একটি ধারাও খুঁজে পাওয়া যায়, যেখানে বলা আছে দুটি হলুদ কার্ড দেখলে কোনো অফিশিয়ালকে নিষিদ্ধ করা যাবে, তবে তিনি ফুটবল কোচিং করানো ছেড়ে দেবেন।
মুতাইরি সরাসরি তানজিমকে উদ্দেশ করে বলেন, অনেক অভিনন্দন। কিন্তু যখন হাশরের ময়দানে আল্লাহর সামনে তিনি আর তানজিম মুখোমুখি দাঁড়াবেন, তখন তানজিম কোথায় পালাবেন — এমন মন্তব্য করে তিনি আরবিতে বলেন, কেয়ামতের দিন আল্লাহর দরবারে তিনি তানজিমের বিরুদ্ধে ফরিয়াদি হবেন। তানজিমের অনেক ক্ষমতা থাকলেও আল্লাহর কাছে একদিন তাঁর বিচার হবে বলে তিনি মন্তব্য করেন।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাফের যাবতীয় প্রমাণ ফাঁস করার হুমকিও দিয়েছেন মুতাইরি।
সাফ শুরুর আগে মুতাইরি বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদের প্রশংসা করে বলেছিলেন, আগামী দশ বছরের মধ্যে ফারহান দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হবে। ম্যাচ শেষে ফারহানের গোল প্রসঙ্গে প্রশ্ন হলে তিনি বলেন, ফারহানের গোল অসাধারণ হয়েছে এবং তিনি ফারহানের জার্সি নিয়েছেন। সংবাদ সম্মেলন থেকে উঠে যেতে যেতে তিনি বলেন, তিনি আর সাফে কোচিং করাবেন না। সাফকে তিনি এক প্রকার বর্ণবিদ্বেষী বলে মন্তব্য করেন, বিশেষ করে আরব অঞ্চলের প্রতি।
মুতাইরি গত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ায় কোচিং করাচ্ছেন। ঢাকায় কিংস অ্যারেনায় অন্য একটি ম্যাচেও তিনি লাল কার্ড দেখেছিলেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলন শেষ করার আগে সাফের কর্তাদের প্রতি তাঁর বার্তা ছিল, সাফ যদি আসলেই ফুটবলের উন্নয়ন চায়, তবে তাদের একটাই কাজ করতে হবে — শুধু ফুটবলটা খেলতে হবে, স্রেফ ফুটবল।




