হাবিবের ঝোড়ো ব্যাটিংয়ে স্কলার্সকে হারিয়ে ফাইনালে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়

এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। বুধবার (১১ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে হাবিবুর শেখের বিধ্বংসী ব্যাটিংয়ে ইউনিভার্সিটি অব স্কলার্সকে ৭ উইকেটে হারিয়েছে সোনারগাঁও।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ইউনিভার্সিটি অব স্কলার্স। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শুভ; ২৪ বলের ইনিংসটি সাজান চারটি চার ও তিনটি ছক্কায়। ওপেনার রাকিব আহমেদ করেন ৪৩ বলে ৩৯ রান। শেষ দিকে সাদের ১২ বলে ২৬ এবং মেহেদীর ১৭ বলে ২০ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় স্কলার্স।
সোনারগাঁওয়ের হয়ে বল হাতে সবচেয়ে নিয়ন্ত্রিত ছিলেন মাইদুল ইসলাম; ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন দুটি উইকেট। এ ছাড়া ফাহিম মুন্সি ৩ ওভারে ২০ রান দিয়ে দুটি এবং ইয়াছিন ভূঁইয়া ৩৬ রান খরচায় নেন দুটি উইকেট।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সোনারগাঁও। হাবিবুর শেখ মাত্র ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন; তিনটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো তার ব্যাটিংয়ে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায়।
এরপর আলাউদ্দীন মনা ২৬ বলে ৩০ রান করে ফিরলেও থামেনি রান তোলার গতি। তৌসিফ হোসেন ও এবি জীবনের অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে মাত্র ১৫ দশমিক ৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সোনারগাঁও। তৌসিফ ২১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন, অন্য প্রান্তে জীবন ১৪ বলে দুটি করে চার ও ছক্কায় করেন অপরাজিত ২৯ রান। ২৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে সোনারগাঁও।
৩১ বলে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জেতেন হাবিবুর শেখ। গ্যালারিতে দল বেঁধে আসা স্কলার্সের শিক্ষার্থী সমর্থকদের শেষ পর্যন্ত মন খারাপ করেই বাড়ি ফিরতে হয়েছে।




