…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে স্ত্রীদের নামে বাসা বরাদ্দের কৌশল, অর্ধকোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে স্ত্রীদের নামে বাসা বরাদ্দের কৌশল, অর্ধকোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ
ছবি: সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জ ১৮০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে সরকারি আবাসন বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রের ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মকর্তা নিজেদের স্ত্রীদের সম্পূর্ণ অস্থায়ী ‘দৈনিক সম্মানী’ ভিত্তিতে নিয়োগ দিয়ে তাঁদের নামে সরকারি বাসা বরাদ্দ নিয়েছেন।

অনুসন্ধানে বলা হয়েছে, বছরের পর বছর বেতন থেকে বাসাভাড়া কর্তন না হওয়ায় সরকারের প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। বাসা বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার এবং বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক রবিউল ইসলাম প্রামাণিক কেন্দ্রের ‘শাহ মালুম (র.)’ নামের ভবনে ১ হাজার বর্গফুটের একটি তারকাচিহ্নিত বাসায় ১৯ বছর ধরে থাকছেন। দীর্ঘদিন ধরে তিনি সেই বাসায় বসবাস করলেও তাঁর বেতন থেকে বাসাভাড়া কাটা যাচ্ছে না বলে অনুসন্ধানে উঠে এসেছে।

সূত্র জানায়, রবিউল ফেঞ্চুগঞ্জে যোগদানের সময় তাঁর স্ত্রী শামসুন নাহারকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরের ফেঞ্চুগঞ্জ বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে অস্থায়ী ‘দৈনিক সম্মানী’র ভিত্তিতে নিয়োগ দেন। তখন থেকে কাগজপত্রে স্ত্রীর নামে এই বাসা বরাদ্দ দিয়ে রাখা হয়েছিল।

ব্যবস্থাপক রবিউল ইসলাম প্রামাণিক বলেন, ‘যেহেতু দুজন চাকরি করছি, যেকোনো একজনের বেতন থেকে ভাড়া কেটে যাচ্ছে। এ ছাড়া আমার পদবির সমপদযুক্ত বাসা এই কেন্দ্রে নেই।’

অনুসন্ধানে জানা গেছে, ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ বিউবো প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক সম্মানীভিত্তিক দুই শিক্ষকের পারিবারিক বাসা বরাদ্দের আবেদন গ্রহণ করেন ব্যবস্থাপক। পরে বাসা বরাদ্দ কমিটির সভাপতি হিসেবে ব্যবস্থাপক নিজেই তাঁর স্ত্রীর নামে ১ হাজার বর্গফুটের বাসা বরাদ্দ দেন।

ব্যবস্থাপকের বেতনশিট পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বেতনের সঙ্গে বাসাভাড়া বাবদ প্রতি মাসে ২৪ হাজার ৯২০ টাকা উত্তোলন করছেন। এই হিসাবে ২০১৯ সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত সরকারের ২২ লাখ ৬৭ হাজার ৭২০ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অনুসন্ধানে বলা হয়েছে।

রবিউলের মাধ্যমে তাঁরই অধীন টারবাইন অ্যাটেনডেন্ট রাজিব বিন ইসলামও স্ত্রী শাহীনূর আকতারকে ফেঞ্চুগঞ্জ বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে অস্থায়ী ‘দৈনিক সম্মানী’ ভিত্তিতে নিয়োগ দেন। তিনি স্ত্রীর নামে বাসা বরাদ্দ নিয়ে টগর ভবনের চতুর্থ তলার পূর্ব ফ্ল্যাটের সরকারি বাসায় অবস্থান করছেন।

রাজিব প্রতি মাসে ১০ হাজার ৪০০ টাকা করে বাসাভাড়া বাবদ উত্তোলন করে এই ৯১ মাসে প্রায় ৯ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন বলে অনুসন্ধানে বলা হয়েছে।

একই ভবনের পশ্চিম ফ্ল্যাটে বসবাস করছেন টারবাইন অ্যাটেনডেন্ট ফখরুদ্দিন মৃধা। তিনি বর্তমানে সান্তাহার বিদ্যুৎকেন্দ্রে থাকলেও একই পদ্ধতিতে স্ত্রীর নামে বাসা বরাদ্দ নিয়েছেন। তাঁর স্ত্রী তাসলিমা বেগমও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। ফখরুদ্দিন স্ত্রীর নামে বাসাভাড়া নিয়ে আট বছরে প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আরও অনিয়মের অভিযোগে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. হেদায়েত উল্লাহর নামে বাসা বরাদ্দ না থাকলেও তিনি কুশিয়ারা ভবনে পরিবার নিয়ে অবস্থান করছেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তানভীর আহমদ রিফাত সিঙ্গেল বাসা ভাড়া নিয়ে কুশিয়ারা ভবনে পুরো পরিবার নিয়ে বসবাস করছেন।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বিউবোর সম্পত্তি ও যানবাহন পরিদপ্তরের পরিচালক এইচ এম জিয়াউদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটের রাতারগুলে গোপন বৈঠক ঘিরে দেশজুড়ে অভিযান: মামলায় আসামি ১৯৫, গ্রেপ্তার ১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় একটি ইকো রিসোর্টে গোপন রাজনৈতিক সভার ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার…

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলের রিসোর্টে সাবেক এমপির সভার মামলায় আরও তিনজন গ্রেপ্তার
সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলের রিসোর্টে সাবেক এমপির সভার মামলায় আরও তিনজন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে একটি রিসোর্টে শিক্ষা সফরের নাম করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের সভা করার ঘটনায় করা ম…

সড়ক বেহাল, রেলপথেও জটিলতা: ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঘোষণা হয়নি
সিলেট বিভাগ

সড়ক বেহাল, রেলপথেও জটিলতা: ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঘোষণা হয়নি

ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। কিন্তু সেই কর…

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৬৮ জন
সিলেট বিভাগ

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৬৮ জন

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৬৮ জন সন্দেহভাজন হাম রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি…