সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৬৮ জন

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৬৮ জন সন্দেহভাজন হাম রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহভাজন হাম রোগে ২০৯ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুরা হলো সুনামগঞ্জের জগন্নাথপুরের আনসার উদ্দিনের মেয়ে আফরিন (১১ মাস), সিলেট সদরের শাকুর আলীর মেয়ে মাইশা (৪ মাস ১৭ দিন) এবং হবিগঞ্জ সদরের আব্দুল আজিজের ছেলে উমর (১ মাস)।
তাদের মধ্যে আফরিন ও মাইশা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং উমর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্তকৃত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ৬৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হিসেবে নতুন ভর্তি হওয়া ১৬৮ জনের মধ্যে সিলেটে ১১১ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ১০ জন এবং সুনামগঞ্জে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৫৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন।
অন্য গণমাধ্যমের খবরে সিলেটের বাইরে ময়মনসিংহেও হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যুর কথা জানানো হয়েছে, ফলে একই সময়ে দুই বিভাগ মিলিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়ায় চারজনে।




