খিলগাঁও থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ, গভীর রাতে পল্লবীতেও বিস্ফোরণ
রাজধানীর খিলগাঁও থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টার দিকে গেটের বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা থানার ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয় বলে তিনি জানান।
এদিকে রাত সোয়া ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার সেকশন ১১ এভিনিউ ৫-এ নাভানা টাওয়ারের পাশে তালতলা মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আল আমিন। তিনি জানান, সেকশন ১১ এভিনিউ ৫ নম্বর নাভানা টাওয়ারের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। তবে এই ঘটনায় কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পল্লবীর ঘটনাস্থল পরিদর্শন করেন বলে ডিউটি অফিসার জানান।


