সাবেক এমপি রহিম উল্লাহ ও সাবেক মেয়র নিজামসহ তিনজনের বিরুদ্ধে দুদকের তিন মামলা

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ এবং পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক মো. আহামদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদক সূত্র জানায়, হাজী রহিম উল্লাহ টানা ২১ বছর জেদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। পরে তিনি ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাকালে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন রহিম উল্লাহ। অসদুপায়ে তিনি নিজের ও স্ত্রীর নামে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার স্থাবর ও অস্থাবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অপরাধ। এ অভিযোগে তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীতে মামলা দায়ের করা হয়।
অপর মামলার আসামি পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিক অপরাধে জড়িয়ে পড়েন তিনি।
দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজাম উদ্দিন ৩৬ লাখ ২৮ হাজার ৮২৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি ৬ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় বলা হয়েছে।
তৃতীয় মামলাটি দায়ের করা হয়েছে সাবেক মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী ও তার স্ত্রী গৃহিণী লুৎফুর নাহার চৌধুরীর বিরুদ্ধে। দুদক জানায়, লুৎফুর নাহার চৌধুরী চট্টগ্রামের আগ্রাবাদে ৫২ দশমিক ৮৩ শতাংশ জমির ওপর ৫৫ লাখ টাকা ব্যয়ে একটি ফ্ল্যাট নির্মাণ করেন।
দুদকের অভিযোগ, মূলত স্বামী নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী তার স্ত্রীকে এই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেন। তারা পরস্পর যোগসাজশে ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।



