…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

পাঠ্যবই ছাপায় বাড়তি ২৩ কোটি ৬৭ লাখ টাকা অনুমোদনের পথে, ১৫ ডিসেম্বরের মধ্যে সব বই ছাপার লক্ষ্য এনসিটিবির

নিজস্ব প্রতিবেদক

আগামী শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩১ কোটির বেশি বই ছাপানোর কাজ চলছে। এরই মধ্যে প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ এবং মাধ্যমিকের ৭০ শতাংশ বই ছাপা শেষ হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব বইয়ের মুদ্রণকাজ শেষ করে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

তবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন চারটি বই যুক্ত হওয়ায় সেগুলোর মুদ্রণকাজ এখনো শুরু হয়নি। এসব নতুন বইয়ের সংখ্যা প্রায় দেড় কোটি।

অন্যদিকে, প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। এতে সংশ্লিষ্ট বইগুলোর মুদ্রণ চুক্তিমূল্য প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়।

আগামী শিক্ষাবর্ষের জন্য ৩১ কোটির বেশি বই মুদ্রণে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৭৯ কোটি টাকা। দেশের ১১৭টি ছাপাখানায় বই ছাপানোর কাজ চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্রুত কাজ শেষ করতে ছাপাখানাগুলোতে প্রায় ২০ ঘণ্টা করে কাজ চলছে।

মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, এখন পর্যন্ত প্রায় তিন কোটি বই আটকে আছে। এর মধ্যে সরকার নতুন করে চারটি বই যুক্ত করেছে। নির্ধারিত সময়ের মধ্যে এত বই সরবরাহ করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, নতুন বই যুক্ত হওয়ায় মুদ্রণ ও সরবরাহের কাজের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটের বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের জন্য ভেরিয়েশন প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, ৯৪টি লটের আওতায় ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণ করা হবে। এসব বইয়ের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে সব বই ছাপানো ও সরবরাহের বিষয়ে আশাবাদী এনসিটিবি। সংস্থাটির সদস্য অধ্যাপক আবু নাসের টুকু বলেন, প্রাথমিকের তুলনায় মাধ্যমিক স্তরের বই ছাপানোর কাজ কিছুটা দেরিতে শুরু হয়েছে। তবে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই বই সরবরাহ করা হবে। তিনি জানান, ১৫ ডিসেম্বরের মধ্যে সব বইয়ের মুদ্রণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে এবং সে অনুযায়ী বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্ধারিত সময়ে বই সরবরাহ নিশ্চিত করতে হলে বাকি বই ছাপানোর কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নতুন যুক্ত হওয়া বইগুলোর মুদ্রণ ও সরবরাহেও গতি আনতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঝিনাইদহে আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে-ক্রাফট প্রদর্শনী, ১৭ স্টলে সাড়ে ৩৫০ শিল্পকর্ম

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে ও ক্রাফটের শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈ…

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

শিক্ষা

ঠাকুরগাঁওয়ে ছয় স্কুলের শিক্ষার্থীদের হাতে বই, বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

ঠাকুরগাঁও জেলায় সম্প্রসারণ করা হয়েছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি। স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গ…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…