শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটির মাথায় আটকা পড়লেন এক ব্যক্তি, ফায়ার সার্ভিসের উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে পল্লী বিদ্যুতের একটি খুঁটির মাথায় আটকা পড়েন এক ব্যক্তি। স্থানীয় লোকজন ঘিরে ফেলায় তিনি নিচে নামতে সাহস পাননি, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. সুমন প্রধান ঘটনার বিবরণ দিয়ে জানান, রাত সাড়ে ১০টার দিকে ছাতির বাজারের পাশে একটি ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে এক ব্যক্তি ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন।
সুমন প্রধানের ভাষ্য অনুযায়ী, চুরির সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখে ফেলেন এবং ডাকচিৎকার শুরু করেন। এর পর আশপাশের লোকজন এসে জায়গাটি ঘিরে ফেলেন।
এ সময় খুঁটির নিচে থাকা আরেক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেন। তবে খুঁটির মাথায় থাকা ব্যক্তি শত শত মানুষের ভিড়ের ভয়ে নিচে নামেননি এবং ওপরেই আটকা পড়ে থাকেন।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। চেষ্টা চালিয়ে তাঁরা খুঁটিতে থাকা ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খুঁটিতে থাকা ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



