গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে শ্রমিকরা পুনরায় মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং থেমে থেমে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা কর্মস্থলে কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন এবং তাঁদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, এ সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
সকাল ১০টার দিকে হাজার হাজার শ্রমিক পুনরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ সুপার মো. আমজাদ হোসেনের ভাষ্য অনুযায়ী, পুনরায় অবরোধের পর বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।




