জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা, ঢাকা মেডিকেলে মৃত ঘোষণা

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কদমতলীর জুরাইন নবারন গলিতে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত সুমন মিলন ওরফে মিন্টুর বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতিবাহাদুরপুর গ্রামে। তাঁর বাবার নাম মৃত আবুল হোসেন মৃধা।
তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকাম পাড়া মসজিদের পাশে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি ছিলেন স্যানিটারি মিস্ত্রি।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে খবর পাই জুরাইন নবারন গলিতে এক ব্যক্তিকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখেছে।’
এসআই মিঠুন মন্ডল আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে দুই পায়ের রগ কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডটি কে বা কারা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘কে বা কারা ওই স্যানিটারি মিস্ত্রিকে হত্যা করেছে জানতে পারি নাই। বিস্তারিত জানতে তদন্ত চলছে।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।




