প্রথম আলো ক্রীড়া পুরস্কারে রানারআপ হকির আমিরুল, পুরস্কার উৎসর্গ করলেন সতীর্থদের
প্রথম আলো ক্রীড়া পুরস্কারে এবার দুই বর্ষসেরা রানারআপের একজন হয়েছেন হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। প্রথমবারের মতো এই স্বীকৃতি পেয়েছেন তিনি। মঞ্চে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল।
পুরস্কার পাওয়ার পর আমিরুল বলেন, ‘খুবই ভালো লাগছে। প্রথমবার এই পুরস্কার পেলাম। আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারব। চেষ্টা থাকবে মাঠের পারফরম্যান্স ধরে রাখতে। সেটা করতে পারলে পুরস্কার আসবে।’
আমিরুলের এই স্বীকৃতির পেছনে বড় অবদান অনূর্ধ্ব-২১ যুব বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের। বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার কোনো বিশ্বকাপে অংশ নিয়েই ২৪ দলের মধ্যে ১৭তম হয়েছিল দল। ভারতের মাটিতে অনুষ্ঠিত সেই আসরে ৬ ম্যাচে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন আমিরুল, করেন পাঁচটি হ্যাটট্রিক। চার ম্যাচে হন ম্যাচসেরা। তাঁর নৈপুণ্যেই বাংলাদেশ জেতে চ্যালেঞ্জার ট্রফি।
বিশ্বকাপে পাঁচ হ্যাটট্রিকের নায়ক নিজের এই পুরস্কার উৎসর্গ করেছেন সতীর্থদের। তিনি বলেন, ‘আমি আমার সতীর্থদের এই পুরস্কার উৎসর্গ করতে চাই। এই সাফল্য তাদের জন্যই। এর পেছনে তাদের অবদানই সবচেয়ে বেশি।’
মাঠের পারফরম্যান্সের বাইরেও আমিরুলকে আলাদা করে চেনায় তাঁর চুলের ধরন। কাঁধে এসে পড়া কোঁকড়ানো চুলের কারণে একই ধরনের স্টাইল নিয়ে ফুটবল মাঠ কাঁপানো হামজা চৌধুরীর সঙ্গে মিল থেকে তাঁর পরিচয় হয়ে গেছে ‘হকির হামজা’। তবে হামজাকে অনুসরণ করে চুল বড় করেননি তিনি। আমিরুল বলেন, ‘বিকেএসপিতে থাকতে চুল ছোট রাখতে হতো। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় চুল বড় করা শুরু করি। হামজা ভাই আসার পর আমার চুল আরও বেশি মানুষের নজরে এসেছে।’
জাতীয় দলের হয়ে দুটি টুর্নামেন্ট খেলেছেন আমিরুল। ২০২৩ হাংঝু এশিয়ান গেমসে অভিষেকের পর খেলেছেন ২৫টি আন্তর্জাতিক ম্যাচ।
সামনে লক্ষ্য নিয়ে এই তরুণ হকি তারকা বলেছেন, দেশের জন্য আরও পরিশ্রম করে আরও ভালো কিছু উপহার দিতে চান তিনি।




