…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

দুবলার চরে পুরোদমে শুঁটকি উৎপাদন: দস্যু আতঙ্ক ছাড়াই সাগর থেকে মাছ ধরে ফিরছেন জেলেরা

নিজস্ব প্রতিবেদক
দুবলার চরে পুরোদমে শুঁটকি উৎপাদন: দস্যু আতঙ্ক ছাড়াই সাগর থেকে মাছ ধরে ফিরছেন জেলেরা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের তীরে সুন্দরবনের দুবলার চরে পুরোদমে শুরু হয়েছে শুঁটকি উৎপাদন। সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মাছ ধরে চরে ফিরছেন জেলেরা।

শুঁটকি উৎপাদন মৌসুম শুরুর পর এখন পর্যন্ত সাগর কিংবা দুবলার চরে দস্যুদের কোনো অপতৎপরতার অভিযোগ পাওয়া যায়নি। মাছ আহরণ শেষে নিরাপদে চরে ফিরে কাজ করতে পারায় জেলেদের মধ্যে স্বস্তি রয়েছে বলে জানা গেছে।

গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে এবারের শুঁটকি উৎপাদন মৌসুম। মৌসুম শুরুর পর জেলেদের পদচারণে মুখর হয়ে উঠছে দুবলার আলোরকোলসহ অন্য তিনটি চর। জেলেরা জানান, গত কয়েক দিন ধরে সাগরে প্রচুর মাছ পাচ্ছেন তাঁরা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, পূর্ব সুন্দরবনের আলোরকোল, মাঝেরকিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচর — এই চারটি চর নিয়ে ৮১ বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত দুবলার জেলেপল্লি। দেশের মোট শুঁটকি মাছের প্রায় ৮০ শতাংশ উৎপাদন হয় এই জেলেপল্লিতে।

এখানে লইট্যা, ছুরি, চিংড়ি, রূপচাঁদা ও পোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের শুঁটকি তৈরি করা হয়। চলতি মৌসুমে দুবলার চারটি চরে এ পর্যন্ত প্রায় ১০ হাজার জেলে গেছেন। আগামী পাঁচ মাস, অর্থাৎ মার্চ পর্যন্ত তাঁরা দুবলার চরে অবস্থান করে সাগরে মাছ আহরণ ও শুঁটকি উৎপাদন করবেন।

এবারের মৌসুমে শুঁটকিপল্লিতে জেলে ও বহরদারদের জন্য ১ হাজার ১৮টি অস্থায়ী ঘর, ৬৭টি ডিপো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ১১৬টি দোকান তৈরির অনুমতি দিয়েছে বন বিভাগ।

চলতি মৌসুমে দুবলার চর শুঁটকিপল্লি থেকে ৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে ৭ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৪৯৩ টাকা রাজস্ব আদায় হয়েছিল। গত মৌসুমে শুঁটকি উৎপাদনের পরিমাণ ছিল ৭৯ হাজার ৬০২ দশমিক ৭৬৬ কুইন্টাল।

দুবলার আলোরকোল থেকে মোবাইল ফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব মাথায় নিয়ে দুবলার চরে এবারের শুঁটকি উৎপাদন মৌসুম শুরু হয়েছে। সাগরে আবহাওয়া ভালো হওয়ায় জেলেরা প্রচুর মাছ পাচ্ছেন। এ বছর ১০ হাজার জেলে দুবলার চরাঞ্চলে এসেছেন। জলদস্যু নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ায় কোস্ট গার্ড, এসআরবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর খুশি জেলেরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লি দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, সাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে সর্বাত্মক অভিযান চলার কারণে অপরাধপ্রবণতা কমে আসছে। গত ১০ মাসে পূর্ব সুন্দরবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১১২টি মামলায় ১১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাসানুর রহমান বলেন, গত ১০ মাসে সেখানে ৪০৩টি মামলায় ৩৯৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
কৃষি

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা এক জেলের জালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই মাছটি আড়তদার…

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা
কৃষি

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্র…

কৃষি

নাটোর সুগার মিলে আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুম শুরু, হুইপ দুলু বললেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে

নাটোর সুগার মিলসে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় মিলের কেইন ক্যার…

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার
কৃষি

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল…