ক্যানসারে স্ত্রীর মৃত্যু: চিকিৎসায় ৪ লাখ টাকা খরচের পর মরদেহ নিয়ে কুমিল্লা ফিরলেন অটোরিকশাচালক বাসির
রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বুধবার বেলা ২টায় হাসপাতাল ভবনের নিচতলায় পূবালী ব্যাংকের কাউন্টারের সামনে একটি ট্রলিতে রাখা ছিল পুরোনো কাঁথা দিয়ে ঢাকা একটি মরদেহ, যার পেটের অংশ অনেকটা ফুলে ছিল।
পাশে দাঁড়িয়ে ছিলেন বাসির। তাঁর বাড়ি কুমিল্লায়, পেশায় তিনি অটোরিকশাচালক। মরদেহটি তাঁর স্ত্রী রুবি আক্তারের, যিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
বাসির জানালেন, স্ত্রীর মরদেহ কুমিল্লার বাড়িতে নিয়ে যাবেন। এ জন্য তিনি অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন, যার ভাড়া সাড়ে ৬ হাজার টাকা। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে মরদেহটি তোলা হয়।
বাড়ির পথে রওনার আগে বাসির জানালেন, মাস দুয়েক আগে তাঁর স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। কুমিল্লা ও ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসক দেখিয়েছেন তিনি। হাসপাতালে ঘুরতে ঘুরতে নানা পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসায় প্রায় চার লাখ টাকা খরচ হয়ে গেছে।
শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে পড়লে দুই দিন আগে স্ত্রী রুবিকে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এনে ভর্তি করিয়েছিলেন বাসির। তিনি বলেন, এর মধ্যেই চলে গেলেন রুবি।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্ত্রীর চিকিৎসার জন্য মহাখালীতে একটি বাসাও ভাড়া নিয়েছিলেন বাসির। বাসাটির দৈনিক ভাড়া ছিল ৫০০ টাকা।
বাসির-রুবি দম্পতির পাঁচ ছেলে-মেয়ে। বড় সন্তানের বয়স ২৪ বছর, ছোট সন্তানের বয়স ১২ বছর। বাসির বললেন, স্ত্রীকে বাঁচাতে চেষ্টা কম করেননি, কিন্তু কোনো লাভ হলো না। এখন স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে।



