পাবনা–ঢাকা আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, উদ্বোধন ১৯ নভেম্বর
পাবনা–ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আটটা থেকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর টিকিট বিক্রি শুরু হয়। আগামী ১৯ নভেম্বর ট্রেন দুটির উদ্বোধন হবে।
উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে পাবনা নাগরিক কমিটির আয়োজনে জেলা পরিষদের রশীদ হল রুমে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও পাবনা নাগরিক কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল বাসার খান জুয়েল।
সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম বিশু বলেন, এটি পাবনাবাসীর জন্য অনেক বড় বিজয়ের ঘটনা। তিনি জানান, পাবনা–ঢাকা রেল যোগাযোগ চালুর কথা দীর্ঘদিন ধরে শোনা গেলেও নানা ব্যর্থতার কারণে তা সম্ভব হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের আন্তরিক তৎপরতায় পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। পাবনাবাসীর পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে উদ্বোধন অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে তিনি সবার মতামত ও সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ মো. বাহেজ উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাহবুব হোসেন নিলয়ের পিতা মো. আবুল কালাম আজাদ এবং শহীদ জাহিদুল ইসলামের পিতা মো. দুলাল মাস্টার।
এ ছাড়া বক্তব্য দেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল, পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দুদকের পিপি অ্যাডভোকেট মলয় কুমার রায় এবং মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রেহানুল ইসলাম বুলাল।
বক্তারা বলেন, ট্রেন চালুর ফলে পাবনার মানুষ নানাভাবে উপকৃত হবে, এলাকার উন্নয়ন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দীর্ঘদিনের দাবি পূরণে তাঁরা সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। সেদিন থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে এবং পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছাড়বে।
ট্রেন দুটির ভাড়া নির্ধারণ করা হয়েছে নন-এসি ৩২৫ টাকা, এসি চেয়ার ৮১৭ টাকা এবং এসি কেবিনের প্রতি আসন ৯৭৮ টাকা।
ঢাকা–পাবনা–ঢাকা রুটে নিয়মিত চলাচলকালে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।


