ধারাভাষ্যকারের সমালোচনার মুখে জায়ান্টস তারকা নাবার্স, পাশে দাঁড়ালেন সাবেক কোচ মার্টিনডেল

আমেরিকান ফুটবল লিগ এনএফএলের দল নিউইয়র্ক জায়ান্টসের তারকা ওয়াইড রিসিভার মালিক নাবার্সের মাঠের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকার ও সাবেক খেলোয়াড় গ্রেগ ওলসেন। রোববারের সম্প্রচারে ওলসেন নাবার্সের সাইডলাইনের ভঙ্গি নিয়ে সমালোচনা করেন, এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দেন নাবার্স নিজেই।
এই বিতর্কে নাবার্সের পাশে দাঁড়িয়েছেন জায়ান্টসের সাবেক ডিফেন্সিভ কো-অর্ডিনেটর উইঙ্ক মার্টিনডেল। ২০২৪ সালে দলটির সঙ্গে তিক্ত বিচ্ছেদ হলেও রিসিভারটির প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন তিনি।
জায়ান্টস-বিষয়ক পডকাস্ট ‘টকিন’ বল’-এ মার্টিনডেল বলেন, ‘আমি মালিকের পক্ষে। কেউ একজন ওর কানে এই সমালোচনা ঢুকিয়ে দিয়েছে—হয়তো আগামী বছর চুক্তি বাড়ানোর সময় দর কমিয়ে রাখার জন্য, কিংবা অন্য কোনো কারণে; আমি জানি না। শুধু খেলে যাও।’ তিনি আরও বলেন, ‘ছেলেটাকে আমি ভালোবাসি। ওর প্রতিদ্বন্দ্বিতার মনোভাবটা আমার পছন্দ।’
রোববার ফিলাডেলফিয়ায় জায়ান্টসের ম্যাচে ধারাভাষ্যকার ওলসেন ও তাঁর সঙ্গী জো ডেভিস বারবার নাবার্সের ‘নেতিবাচক’ শরীরী ভাষার দিকে ইঙ্গিত করেন। আইজায়া লাইকলির টাচডাউনে একটি ড্রাইভ শেষ হওয়ার পরও নাবার্স মুখ ভার করে আছেন বলেও তাঁরা মন্তব্য করেন। ডেভিস বলেন, ‘আজ ওর শরীরী ভাষা ভয়ংকর রকমের খারাপ।’
ওলসেন বলেন, তিনি অনেক ভালো ওয়াইড রিসিভারের সঙ্গে খেলেছেন এবং সেরা রিসিভারদের সবাই বল দাবি করেন—এটা তাঁদের স্বভাবের অংশ। তবে তিনি বলেন, বল দাবি করা প্রতিদ্বন্দ্বীর মনোভাব আর সতীর্থদের সাফল্য থেকে মনোযোগ কেড়ে নেওয়ার মধ্যে একটি সূক্ষ্ম সীমারেখা আছে। তাঁর ভাষায়, ‘তোমার সতীর্থ যখন খোলা জায়গায় টাচডাউন করবে, তখন তোমাকেই মাঠে সবচেয়ে খুশি মানুষটা হতে হবে। তখন আর নিজের পাস পাওয়া না-পাওয়া নিয়ে ভাবা যাবে না।’ নাবার্সকে প্রতিভাবান তরুণ ও ভালো খেলোয়াড় আখ্যা দিয়ে ওলসেন বলেন, তাঁকে এই আচরণ নিয়ন্ত্রণে রাখতে হবে।
মার্টিনডেল বলেন, কোচ জন হারবোর অধীনে খেলা সেরা খেলোয়াড়দের কথা ভাবলেই বোঝা যায় এমন পরিস্থিতি নতুন নয়। নিউইয়র্কে বলেই বিষয়টি বড় করে দেখা হচ্ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা তো নিউইয়র্কের জন্য স্বাভাবিকভাবেই বড় হয়। তবে জনের জন্য এটা নতুন কিছু নয়।’
মার্টিনডেল নিজেও নিউইয়র্কের দলীয় কোন্দলের স্বাদ পেয়েছেন। ২০২৩ মৌসুমজুড়ে টানাপোড়েনের পর ২০২৪ সালের জানুয়ারিতে প্রধান কোচ ব্রায়ান ড্যাবল তাঁর আস্থাভাজন ডিফেন্সিভ সহকারীদের ছাঁটাই করলে পরিস্থিতি ভেঙে পড়ে। খবরে এসেছে, মার্টিনডেল ড্যাবলকে গালিগালাজ করে বেরিয়ে যান এবং পরে দুই পক্ষের সমঝোতায় বিচ্ছেদ হয়।
ফিলাডেলফিয়ায় জায়ান্টসের ১৯–১১ ব্যবধানের জয়ের ম্যাচে দৃশ্যত হতাশ দেখালেও নাবার্সের প্রতিশ্রুতি নিয়ে তাঁর ড্রেসিংরুমে কোনো প্রশ্ন ওঠেনি। টানা চার ম্যাচে ১০০ গজের বেশি অতিক্রম করার পর এই ম্যাচে তিনি পাঁচটি ক্যাচে ৪৩ গজ অর্জন করেন।
জায়ান্টসের খেলোয়াড়রা প্রকাশ্যে নাবার্সকে ‘ভালো সতীর্থ’ বলে সমর্থন করেছেন। রানিং ব্যাক ক্যাম স্ক্যাটেবো বলেন, পাস না পেলে সাইডলাইনে নাবার্সের বিরক্তি আসলে তাঁর প্রতিদ্বন্দ্বিতাপ্রবণ মনোভাবেরই প্রকাশ, যা সতীর্থরা দেখতে ভালোবাসেন।




