নভেম্বরের ১১টি চালান সরবরাহে অপারগতা, জ্বালানি তেল নিয়ে গভীর ষড়যন্ত্রের অভিযোগ

দেশের জ্বালানি তেল নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চলতি নভেম্বরের জন্য পূর্বনির্ধারিত জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহে অপারগতা জানিয়েছে কয়েকজন সরবরাহকারী। এসব কোম্পানির সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী সম্পৃক্ত থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পলাতক শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, আর ঠিক সেই সময় সামনে রেখে একটি গোষ্ঠীর জ্বালানি সরবরাহে অক্ষমতা প্রকাশ কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী জড়িত কি না, তা খতিয়ে দেখা জরুরি বলেও তারা মত দিয়েছেন।
জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন, কালো তালিকাভুক্তসহ যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। তবে অভিযোগ উঠেছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাতিল করা হলেও আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ওই কোম্পানিকেই বাড়তি দরে ডিজেল ও উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) সরবরাহের কাজ দিতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ছিল ৯ দশমিক ৫০ ডলার ও জেট ফুয়েলের ১০ দশমিক ১৫ ডলার। অন্যদিকে ওই কোম্পানিকে উন্মুক্ত দর পদ্ধতিতে (ওটিএম) পরিশোধ করা হবে ডিজেলের ব্যারেলপ্রতি ১৬ দশমিক ৬৮ ডলার ও জেট ফুয়েলের ১৭ দশমিক ৮৮ ডলার।
প্যাকেজ-০২-এর আওতায় ২ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৪০ হাজার টন জেট ফুয়েলের কার্যাদেশ পেয়েছে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া’। শুধু এই প্যাকেজের বিপরীতেই ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার বাড়তি অর্থ গুনতে হবে বাংলাদেশকে; ডলার ১২৩ টাকা হারে ধরলে এক চালানেই সরকারের ক্ষতি হবে প্রায় ১৮২ কোটি টাকার মতো।
জানা গেছে, গত সেপ্টেম্বরে ওটিএম প্রক্রিয়ায় ৬ লাখ ৫ হাজার টন ডিজেল এবং ৯০ হাজার টন জেট ফুয়েল আমদানির প্রস্তাব চূড়ান্ত করেছিল বিপিসি, যেখানে ডিজেলের প্রিমিয়াম ছিল ব্যারেলপ্রতি ১৪ দশমিক ৮৫ ডলার ও জেট ফুয়েলের ১৬ দশমিক ৪৯ ডলার। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রিমিয়াম বেশি উল্লেখ করে তা অনুমোদন দেয়নি। অথচ তার চেয়েও বেশি প্রিমিয়ামে গোপনে দেওয়া ওটিএমে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কার্যাদেশ পেয়েছেন আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ডা. এজাজুর রহমান। জ্বালানি তেল আমদানিতে বিপিসির তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের ছয়টির স্থানীয় এজেন্ট ডা. এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিস লিমিটেড। নভেম্বরে তেল সরবরাহে অপারগতা প্রকাশ করা সাতটি চালানেই তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।
বিপিসি সূত্র জানিয়েছে, নভেম্বরে সরকার-টু-সরকার (জি-টু-জি) ক্রয়সূচিতে থাকা ১১টি চালান সরবরাহে অপারগতা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ইউনিপেক সিঙ্গাপুরের ১৯, ২১ ও ২২ নভেম্বর তিনটি ডিজেল ও ২৪ নভেম্বর একটি জেট ফুয়েলের চালান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকুর (বিএসপি) ২৮ নভেম্বর ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনালের (সিঙ্গাপুর) ১০ নভেম্বর ডিজেল এবং ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওমান) ২৩ নভেম্বর মোগাস সরবরাহ করার কথা ছিল। এসব চালান দিয়ে ডিসেম্বরের চাহিদা পূরণের কথা ছিল।
বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪৩ লাখ টনের কার্যাদেশ গেছে এমন প্রতিষ্ঠানের কাছে, যাদের স্থানীয় প্রতিনিধি বা ব্যবসায়িক সংযোগ ডা. এজাজুর রহমানের প্রতিষ্ঠানের হাতে—যা মোট কার্যাদেশের প্রায় ৭৮ শতাংশ।
এর আগে জি-টু-জি ভিত্তিতে কেনা তেলের প্রিমিয়াম কমিয়ে ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর ছয় মাসে ৪২ মিলিয়ন ডলার সাশ্রয় হয়েছিল বলে জানিয়েছিলেন বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. আমিন উল আহসান। তিনি বলেছিলেন, উন্মুক্ত দরপত্রের তুলনায় জি-টু-জি তেলের প্রিমিয়াম ব্যারেলপ্রতি দুই থেকে আড়াই ডলার পর্যন্ত বেশি ছিল; সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে সেই দর কমানো হয়।
জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় না কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখব।’ এজাজুর রহমানের কোম্পানিকে কার্যাদেশ দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তালিকাভুক্ত কোম্পানির বাইরে যেতে পারি না। তবে তালিকাভুক্ত করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, আমরা মনে করছি নতুন করে বেশ কিছু কোম্পানি পাব।’
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, জ্বালানি তেলের দরপত্র নিয়ে যা ঘটছে, তাতে বলা যায় দরপত্র সিন্ডিকেট দ্বারা সব জায়গাতেই প্রভাবিত। কোনো প্রতিষ্ঠান চালান সরবরাহে অপারগতা প্রকাশ করলে রাষ্ট্রের যে ক্ষতি হবে, তা দায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করতে হবে বলে তিনি মত দিয়েছেন।




