মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোলবোতল ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ২
মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কয়েকজন দুর্বৃত্ত সরকারি কলেজের সীমানাপ্রাচীরের ভেতর থেকে পেট্রোলভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে। তবে বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্মৃতিস্তম্ভের পাশে পড়ে, ফলে স্তম্ভটিতে আগুন ধরে নি।
ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুজনকে গ্রেপ্তার করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার মো. মিয়ারুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার মো. বাবু বিশ্বাসের ছেলে আলী কদর ওরফে শাওন (১৯)।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


