সিঙ্গাপুরে প্রীতি ম্যাচের আগে আনোয়ারার কেইপিজেডে নিবিড় অনুশীলনে নারী ফুটবল দল

সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) মাঠে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। কর্ণফুলী নদীর তীরঘেঁষা এলাকায় অন্তর্বর্তীকালীন ফরাসি কোচ এরিক মেয়ারের নেতৃত্বে চলছে দলের প্রস্তুতি।
কেইপিজেডের টেক্সটাইল ইনস্টিটিউটের খেলার মাঠে মারিয়া মান্ডা, ঋতুপর্ণা, আফঈদাসহ জাতীয় দলের ফুটবলারদের অনুশীলন করতে দেখা গেছে। এরিক মেয়ারের পাশাপাশি গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলও খেলোয়াড়দের নিয়ে ব্যস্ত ছিলেন।
অনুশীলনে বলের নিয়ন্ত্রণ, পাসিং, আক্রমণ ও রক্ষণভাগের কৌশলসহ বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন, সুইমিং ও জিমের মধ্য দিয়ে কাটছে ফুটবলারদের দিন। প্রায় ৪৪ সদস্যের দলের লক্ষ্য সিঙ্গাপুরে নিজেদের সেরাটা তুলে ধরা এবং বছরটা জয় দিয়ে শেষ করা।
আগামী ১ থেকে ৫ ডিসেম্বর সিঙ্গাপুরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেই সফরের প্রস্তুতি হিসেবে গত ৩১ অক্টোবর থেকে কেইপিজেডে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
ঢাকার মাঠগুলোতে জাতীয় ফুটবল দলের অনুশীলন চলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুরোধে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ তাদের নবনির্মিত টেক্সটাইল ইনস্টিটিউটের খেলার মাঠ, আবাসনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন পুরো ক্যাম্পাস এক মাসের জন্য বরাদ্দ দিয়েছে। আবাসিক ক্যাম্প চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। ঢাকার বাইরে এটি জাতীয় নারী দলের চতুর্থ অনুশীলন ক্যাম্প।
ক্যাম্প চলাকালেই বড় ধাক্কা খেয়েছে দল। অসুস্থ হয়ে পড়েছেন ইংলিশ কোচ পিটার বাটলার। গত ৮ নভেম্বর খেলোয়াড়রা জানতে পারেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। এ খবরে দলের সদস্যরা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন এবং অনেক খেলোয়াড়ের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পিটার বাটলার চট্টগ্রামে না এসে সরাসরি নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যান। সেখানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। তাঁর কোচিংয়ে বাংলাদেশ নারী দল বেশ কিছু সাফল্য অর্জন করেছে।
বাটলারের অনুপস্থিতিতে এক মাসের চুক্তিতে দায়িত্ব নিতে বাংলাদেশে এসেছেন ফরাসি কোচ এরিক মেয়ার। তিনি জানিয়েছেন, পিটার বাটলারের অনুসৃত খেলার দর্শন ও কৌশলেই দল পরিচালনা করবেন; দলের খেলার নীতিতে বড় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা তাঁর নেই। খেলোয়াড়দের মধ্যে তিনি ইতিবাচক মানসিকতা, উদ্যম ও ভালো করার প্রবল আগ্রহ খুঁজে পেয়েছেন বলে জানান।
প্রথম দিনের অনুশীলনের অভিজ্ঞতা জানিয়ে এরিক মেয়ার বলেন, আফ্রিকায় জাতীয় দলের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি বাংলাদেশের মেয়েদের খেলায় দারুণ সম্ভাবনা ও গুণগত মান দেখতে পেয়েছেন। প্রথম অনুশীলন সেশনেই খেলোয়াড়দের মনোযোগ, নির্দেশনা মেনে চলা ও শৃঙ্খলাবোধ তাঁকে মুগ্ধ করেছে। বর্তমান ক্যাম্পে প্রায় ৪০ জন খেলোয়াড়কে তিনটি দলে ভাগ করে ম্যাচ ও অনুশীলন পরিচালনা করা হচ্ছে। সিঙ্গাপুরের সাম্প্রতিক ম্যাচগুলোর ভিডিও বিশ্লেষণ করে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা পর্যালোচনা করে দলকে প্রস্তুত করা হচ্ছে।
কেইপিজেডের ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত কর্নেল মো. শাহজাহান বলেন, এ নিয়ে চতুর্থবারের মতো জাতীয় নারী ফুটবল দল কেইপিজেডের টেক্সটাইল ইনস্টিটিউটের মাঠে অনুশীলন করছে। বাফুফে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করায় তাঁরা জাতীয় নারী দলের অনুশীলনের জন্য মাঠ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্মুক্ত করে দিয়েছেন। তিনি বলেন, শুধু খেলাধুলার বিকাশ নয়, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও কেইপিজেড কাজ করে যাচ্ছে।




