শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এর আগে গত ১ নভেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেপ্তার ১১ জন আসামির মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। ফলে ওই দিনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর পুনর্নির্ধারণ করেন আদালত।
শহীদুল হক ছাড়াও এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা আসামিরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
এদিকে শেখ হাসিনাসহ এ মামলার বাকি ৩০ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র্যাব ডিজি মো. মোখলেছুর রহমান, তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক লে. জেনারেল মো. মজিবুর রহমান এবং সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা।
এর আগে গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল ৪১ আসামির বিরুদ্ধেই অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করেছিলেন।
পরবর্তীতে পুলিশের দেওয়া নন-এক্সিকিউশন রিপোর্টের (এনইআর) ভিত্তিতে ৩ সেপ্টেম্বর পত্রিকায় আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হয়। হাজির না হওয়ায় ১৬ সেপ্টেম্বর ৩০ আসামিকে পলাতক ঘোষণা করে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মূলত দুটি সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে অভিযান চলাকালে ৩২ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় অভিযোগে পরদিন অর্থাৎ ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জন নিহতের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও দমনপীড়নের তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।


