সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির মামলায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুটি গরু
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এসআরবি-১২-এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রায় পাঁচ মাস পর গোয়েন্দা নজরদারি ও পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকালে ও বিকেলে দুটি পৃথক অভিযান চালানো হয়। একটি অভিযান চালানো হয় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারসংলগ্ন একটি মসজিদের সামনে, আরেকটি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাড়াশ উপজেলার শালিয়াগাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৪১) ও মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রাম গ্রামের রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের সোহাগ (৩০)।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ জুন রাত ২টার দিকে তাড়াশে মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যান অজ্ঞাতনামা চোরেরা। পরে একটি মিনি ট্রাকে করে গরুগুলো নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় চুরির মামলা করেন।
এসআরবি-১২ জানিয়েছে, সংস্থাটির অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে মামলার তদন্তে শনাক্ত হওয়া ছয়জনকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রাম থেকে আজাদ নামের এক ব্যক্তির বাড়ির উঠান এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকায় নুরন্নবী নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।


