সোহরাওয়ার্দী কলেজে বাস ফি দিয়েও সুবিধা পায় না প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী
পরিবহন ফি বাবদ বছরে নির্দিষ্ট অর্থ পরিশোধ করলেও বাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বেশিরভাগ শিক্ষার্থী। কলেজের নিজস্ব কোনো বাস সার্ভিস নেই। ভাড়ায় চালিত দুটি বাসে যে সামান্য আসন রয়েছে, তা ১২ হাজার শিক্ষার্থীর প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
কলেজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ হাজার। শিক্ষার্থীপ্রতি বাস ভাড়া বাবদ বছরে ৬০০ টাকা করে আদায় করা হয়, যা থেকে বাৎসরিক আয় দাঁড়ায় প্রায় ৭২ লাখ টাকা।
কিন্তু পরিবহন সুবিধা পাওয়ার চিত্র ভিন্ন। কলেজের ভাড়ায় চালিত দুটি বাসে সব মিলিয়ে আসনসংখ্যা মাত্র ১৫০টি। হিসাব অনুযায়ী, মাত্র ১ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী বাসে বসার সুযোগ পান। অর্থাৎ বাকি প্রায় ৯৮ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী কোনো সুবিধা না পেয়েও বাধ্যতামূলকভাবে পরিবহন ফি দিয়ে যাচ্ছেন।
কলেজের বাস পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, দুটি ভাড়ায় চালিত বাসের জন্য প্রতিদিন চুক্তিভিত্তিক ভাড়া বাবদ ব্যয় হয় ২২ হাজার টাকা, যা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ১০ শতাংশ বাড়ানো হয়েছে। বছরে সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে গড়ে ১৮৫ থেকে ১৯০ দিন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে দুটি বাসের বাৎসরিক ভাড়া বাবদ খরচ হয় ৪০ লাখ ৭০ হাজার থেকে ৪১ লাখ ৮০ হাজার টাকা।
এ ছাড়া শিক্ষার্থীদের অর্থায়নে কেনা একটি মাইক্রোবাসের পরিচালনা, চালকের বেতন ও জ্বালানি খরচও এই তহবিল থেকে পরিশোধ করা হয়। সব খরচ মেটানোর পরও বাৎসরিক ৭২ লাখ টাকার আয়ে উল্লেখযোগ্য পরিমাণ উদ্বৃত্ত অর্থ থাকার কথা থাকলেও পরিবহনসেবা সম্প্রসারণে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।
পরিবহন সংকট ও বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা সাবরিন বৃন্ত বলেন, অন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও সেখানে না গিয়ে সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু এখানে এসে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর ভাষায়, ঢাকার মধ্যে অবস্থিত সোহরাওয়ার্দী কলেজ অনেকটাই অবহেলিত এবং এ কলেজের প্রতি সরকারের আরও নজর দেওয়া উচিত। তিনি বলেন, কলেজের নিজস্ব কোনো বাসসেবা নেই, যে দুটি বাস রয়েছে সেগুলোও ভাড়ায় পরিচালিত, অথচ সেই অনুযায়ী কোনো বাসসুবিধা পাওয়া যাচ্ছে না।
ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাবিলা ওহাব বলেন, কলেজে নতুন বাস আসার পর শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বসিত ছিলেন। এরপর কলেজের বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইন পোলের মাধ্যমে কোন কোন রুটে শিক্ষার্থীর সংখ্যা বেশি, তা জানতে চাওয়া হয়। সেখানে মিরপুর রুটের নাম উঠে এলেও পরবর্তী সময়ে কলেজ প্রশাসন এ রুটে কোনো বাসের ব্যবস্থা করেনি। তিনি বলেন, বাসের সুবিধা না পেলেও বাসভাড়া ঠিকই নেওয়া হচ্ছে। তাঁর মতে, বাসসংকট দূর করা গেলে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়বে এবং তারা আরও ভালো ফলাফল করতে পারবেন।
হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, বাড্ডা রুটে চলাচলকারী বাসে শিক্ষার্থীদের গাদাগাদি করে যাতায়াত করতে হয়। অনার্স ও ইন্টারমিডিয়েটের ক্লাসের সময়সূচি সমন্বয় না থাকায় অনেক শিক্ষার্থী বাসের এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ সবাই বাসভাড়া বাবদ কলেজকে টাকা দেন, কিন্তু টাকা দেওয়ার পরও সবাই সমানভাবে এই সুবিধা পাচ্ছেন না।
এসব অভিযোগের বিষয়ে বাস পরিচালনা কমিটির সদস্য ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, বাসসংক্রান্ত সবকিছু কলেজের অধ্যক্ষ দেখভাল করেন এবং এ বিষয়ে জানতে বাস পরিচালনা কমিটির আহ্বায়কের সঙ্গে কথা বলতে হবে।
কলেজের বাস পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী ওয়াহেদ বলেন, বাস বাড়ানোর বিষয়ে আগে মিটিংয়ে আলোচনা হলেও অধ্যক্ষ তখন সম্ভব নয় বলে জানিয়েছিলেন। শিক্ষার্থীরা সুনির্দিষ্টভাবে দাবি জানালে এবং প্রশাসনের অনুমোদন ও পর্যাপ্ত তহবিল থাকলে বাস বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তাঁর ভাষায়, এটা শিক্ষার্থীদের অধিকার। তিনি আরও জানান, পরিবহন খাতের তহবিলের দায়িত্ব কলেজ প্রশাসনের, কমিটি সরাসরি অর্থ উত্তোলন করতে পারে না। শিক্ষার্থীরা লিখিত দাবি জানালে অধ্যক্ষ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে যৌক্তিক সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।
কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর দুটি রুটে দুটি বাস চালু করেছেন। এ ছাড়া কলেজের মাইক্রোবাসের রক্ষণাবেক্ষণ, চালকের বেতন ও বাস ভাড়াসহ পরিবহন খাতে বিভিন্ন ব্যয় রয়েছে। ফান্ডে দুটি বাস কেনার মতো অর্থ থাকলেও দীর্ঘমেয়াদে সেগুলো পরিচালনা করা সম্ভব হবে কি না, তা বিবেচনা করতে হবে। তবে ফান্ডে পর্যাপ্ত অর্থ থাকলে বাসের সংখ্যা বাড়ানো হবে এবং এ বিষয়ে বাস পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করতে হবে। তিনি আরও বলেন, পরিবহন খাতের সবকিছুই পরিষ্কার, এ খাতের টাকা কেউ আত্মসাৎ করতে পারবে না। বছরে পরিবহন খাতে যে পরিমাণ টাকা আয় হয়, তা থেকে ব্যয় মেটানোর পর অবশিষ্ট অর্থ ওই খাতেই জমা থাকে।

