…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

করছাড় ও প্রণোদনায় বাড়ছে ছাদে সৌরবিদ্যুৎ, গ্রিডে অবদান বেড়ে ১,২৮৩ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রণোদনা, সৌর সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক ছাড় এবং নীতিগত নানা উদ্যোগের ফলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহ দেওয়ার পাশাপাশি জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ রাখা হয়েছে। এতে স্থাপনের ব্যয় কমানো এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান নিজের প্রতিষ্ঠান সালেহা অয়েল মিলের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে উৎপাদন শুরু করা তার ব্যবস্থায় রয়েছে ৯টি প্যানেল, যার মোট উৎপাদনক্ষমতা ৫.২৩ কিলোওয়াট। এটি স্থাপনে তার ব্যয় হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা।

আখতারুজ্জামান উৎপাদিত বিদ্যুতের একটি অংশ নিজ প্রতিষ্ঠানে ব্যবহার করেন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করেন। তিনি বলেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তিনি এ ব্যবস্থা স্থাপন করেছেন। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতি মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেন এবং এ থেকে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় হয়।

তিনি বলেন, অর্থায়ন পেলে ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়ন সুবিধা থাকলেও সাধারণ গ্রাহকদের সরাসরি ঋণ পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। ফলে আগ্রহ থাকলেও অনেকের পক্ষে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করা কঠিন হয়ে পড়ে।

নওগাঁর নিয়ামতপুরের চকগোপাল গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন নিজ উদ্যোগে সৌরবিদ্যুৎ স্থাপন করে বিদ্যুৎ বিল কমিয়েছেন। তার ব্যবস্থায় ৫৮৫ ওয়াট ক্ষমতার সাতটি প্যানেল রয়েছে; সব মিলিয়ে স্থাপিত ক্ষমতা ৪ হাজার ৯৫ ওয়াট বা প্রায় ৪.১ কিলোওয়াট-পিক। পুরো ব্যবস্থাটি স্থাপনে তার প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় হয়েছে।

সাব্বির হোসেন বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি পানির মোটর চালাতেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এ ব্যবস্থা চালুর পর তার বিদ্যুৎ বিল কমেছে; আগে সাধারণ সময়ে বিল প্রায় ১ হাজার ৫০০ টাকা আসত, বর্তমানে তা ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে থাকছে। তবে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে নেট মিটারিংয়ের অনুমতি না পাওয়ায় এ সুবিধা চালু করতে পারছেন না বলে জানান তিনি।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের অবদান ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করবে। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

গ্রাহক নিজে সৌরবিদ্যুৎ ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে তা প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে ২০৩০ সাল পর্যন্ত কিনবে সরকার। এজন্য বিদ্যুৎ বিভাগ গত ১ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুতের নেট মিটারিং সংযোগ পেলে এ সুবিধা পাওয়া যাবে। নেট মিটারিং ব্যবস্থায় অনলাইনে আবেদন করা যায় এবং গ্রাহকের সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ হিসাব করে বিল সমন্বয়ের সুযোগ রয়েছে।

সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কমাতে যোগ্য সৌর সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানিতে কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নির্ধারিত সরঞ্জাম আমদানিতে মোট করের হার ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর আগে এসব সরঞ্জামে ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ কর দিতে হতো।

গত ১৯ অক্টোবর সরকার বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ জারি করেছে। এতে ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, চা বাগান, জলাশয় ও কৃষি-সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় প্রকল্প স্থাপনের সুযোগ রাখা হয়েছে এবং নির্ধারিত শর্তে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প স্থাপন করা যাবে। অধ্যাদেশে ওপেক্স মডেলে অর্থায়ন, নেট মিটারিং, সার্ভিস প্রোভাইডার নির্বাচন এবং প্রকল্প তদারকির বিধান রয়েছে; চুরি, ভাঙচুর, অবৈধ সংযোগ ও কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে শাস্তির বিধানও রাখা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্ভিস প্রোভাইডারদের জেলাভিত্তিক তালিকা সংরক্ষণ করবে। সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও নীতিগত সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা কারিগরি ও সমন্বয় কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করবে।

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ হাজার ৪৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট। সরকারি সব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেবা সহজ করতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে।

গত ৩ ও ৪ নভেম্বর বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইডকলের উদ্যোগে সোলার এক্সপোর আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে উন্নয়ন সহযোগীদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, শুধু বড় প্রকল্পে নয়, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যোগেও অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ রয়েছে এবং সৌরবিদ্যুৎ খাতে প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগের সহজ সুযোগ রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী শুল্ক কমানোসহ সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, সাধারণ গ্রাহকদের বড় অংশ স্থানীয় বাজার থেকে সরঞ্জাম কেনেন, ফলে আমদানি শুল্ক কমানোর সুফল তাদের কাছে সরাসরি পৌঁছায় না। সৌরবিদ্যুতের প্রসারে স্থানীয় বাজারে কর ও ভ্যাট কমানো, দুই থেকে পাঁচ বছর মেয়াদি প্রণোদনা, সহজ শর্তে অর্থায়ন, দীর্ঘমেয়াদি ঋণ ও সহজ কিস্তির সুযোগ এবং নেট মিটারিংয়ের অনুমোদন প্রক্রিয়া সহজ করা জরুরি বলে তিনি মত দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…