ইউরো ২০২৮-এর আগে ইংল্যান্ড ছাড়ছেন না টুখেল, চুক্তিতে নেই রিলিজ ক্লজ
ভবিষ্যতে ক্লাব ফুটবলে কোচিংয়ে ফেরার ইচ্ছা থাকলেও ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের আগে ইংল্যান্ড দলের দায়িত্ব ছাড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন কোচ থমাস টুখেল। ইংল্যান্ডের সঙ্গে তাঁর চুক্তিতে কোনো রিলিজ ক্লজ না থাকায় আপাতত দল ছাড়ার সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না।
বরুশিয়া ডর্টমুন্ড, প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি), চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ গত বছরের শুরুতে ইংল্যান্ডের দায়িত্ব নেন। এর আগে অনেক ক্লাবের দায়িত্বে থাকলেও আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ে এটাই তাঁর প্রথম অভিজ্ঞতা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে টুখেলের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। সেই মেয়াদ বৃদ্ধির পর তাঁর ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনার অবসান ঘটে।
২০২৮ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দারুণ কিছু করার লক্ষ্যের কথা জানিয়েছেন টুখেল। তিনি বলেন, ‘আমার চুক্তিতে কোন রিলিজ ক্লজ নেই এবং অন্য কোথাও যাওয়ার ইচ্ছাও নেই। একটি চুক্তিতে স্বাক্ষর করেছি এবং ইউরো পর্যন্ত এখানে থাকতে চাই। ইউরোতে দলকে নেতৃত্ব দিতে চাই।’
বড় কোনো ক্লাব প্রস্তাব দিলে কী করবেন—এমন প্রশ্নে টুখেল বলেন, ‘কোন সম্ভাবনাই নেই। নেশনস লিগ জিততে মরিয়া আমি। পাশাপাশি ইউরোতে অংশ নিয়ে জেতার জন্যও মুখিয়ে আছি।’



