বিতর্কের পর ইংল্যান্ড লায়ন্সে ফিরলেন পেসার ব্রাইডন কার্স, জাতীয় দলের দরজা খুলতে পারে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে পেসার ব্রাইডন কার্সের। ঘোষিত ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের স্কোয়াডে নির্বাচকেরা এই পেসারকে রেখেছেন।
টেস্ট দলের নিয়মিত পেসার জশ টাং সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না। তাঁর বিকল্প হিসেবে কার্সকে মূল টেস্ট স্কোয়াডে বিবেচনার সুযোগ তৈরি হওয়ায় লায়ন্সের এই সফর তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলে দিতে পারে।
গত আগস্টে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে হাতকড়া পরা অবস্থায় কার্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় পুলিশ জানায়, তাঁকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল। ডার্বিশায়ার পুলিশ তদন্ত শেষ করলেও পেশাদার ক্রিকেটের তদারকি সংস্থা ক্রিকেট রেগুলেটর তাঁর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ এনেছে, যার চূড়ান্ত রায় এখনো প্রকাশ করা হয়নি।
ওই ঘটনার পর থেকে ইংল্যান্ডের কোনো জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না কার্স। তবে নিষেধাজ্ঞা না থাকায় তিনি ডারহামের হয়ে কাউন্টি ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন এবং নিয়ম অনুযায়ী জাতীয় দলের নির্বাচনের জন্যও যোগ্য ছিলেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা ছিল, উদ্ভূত মানসিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটের অতিরিক্ত চাপ থেকে কিছুটা সময় দূরে থাকা প্রয়োজন ছিল এই পেসারের।
সোমবার দল ঘোষণার পর ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ জানান, পুরো পরিস্থিতি কাটিয়ে কার্স এখন জাতীয় দলের পরিবেশে ফেরার মতো মানসিক অবস্থায় আছেন। তিনি বলেন, কার্সের জন্য সময়টা বেশ কঠিন ছিল এবং সে সময় আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নেওয়া তাঁর কিংবা বোর্ডের কারও জন্যই অনুকূল ছিল না। দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি অনুকূলে আসায় লায়ন্স দলকে তাঁর মাঠে ফেরার এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সেরা মঞ্চ হিসেবে বিবেচনা করেছে টিম ম্যানেজমেন্ট।



