…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দরের সমীক্ষা চলছে, আগে হবে বগুড়ার বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দরের সমীক্ষা চলছে, আগে হবে বগুড়ার বিমানবন্দর
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তবে ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের আগে বগুড়ার বিমানবন্দর প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রিশালের রাশেদুল ইসলাম সম্মেলন হলে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।

মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক থেকে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে, এসব বিষয়ে বিস্তারিত সমীক্ষা চলছে।

তিনি বলেন, এটি একটি বড় ও জটিল পরিকল্পনা। এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য একটি পণ্য পরিবহনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

বগুড়ার কাজ শুরুর পর এক থেকে দুই বছর পর ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, ঢাকার পরবর্তী উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করেন মন্ত্রী। তাঁর ভাষ্য, একটি বিমানবন্দর নির্মাণের সঙ্গে বিপুল কর্মযজ্ঞ, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন জড়িত।

তিনি বলেন, জীবদ্দশায় অথবা দায়িত্বে থাকাকালে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে সেটি তাঁর জীবনের একটি মাইলফলক হবে।

বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে বিমান পরিবহন খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগও রয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কক্সবাজার বিমানবন্দরকে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের উন্নয়নের বিষয়েও নিজের দায়িত্বের কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে এসব অঞ্চলে চিকিৎসক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের জন্য বড় পরিসরে কাজের প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ন্যূনতম ৫০০ কোটি টাকার গ্রামীণ উন্নয়নকাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের পর উন্নয়নকাজের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ত্রিশালের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, নজরুল বর্ষ ঘোষণা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। একটি শিক্ষিত ও উন্নত সমাজ গড়ে তুলতে মাদক নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে
জাতীয়

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষ…

উত্তরায় পাজেরোর ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, নিহতদের একজন বিশ্ববিদ্যালয়ছাত্র
জাতীয়

উত্তরায় পাজেরোর ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, নিহতদের একজন বিশ্ববিদ্যালয়ছাত্র

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসীমউদ্‌দীন রোডসংলগ্ন উড়ালসড়কে পাজেরোর ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ…

জাতীয়

ময়মনসিংহে ভূমি অফিসের নায়েবকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম সাংবাদিকদের

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে সাত দিনের মধ্যে প্রত্যাহারসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। চার সাং…